'ভাগ্যিস ফিনালিসিমা হয়নি, এভাবে খেললে স্পেনের কাছে নির্ঘাত হারতাম',-মার্তিনেজ 

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০৪:২৩ পিএম

মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় পেলেও সন্তুষ্ট হতে পারছেন না আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেহ। ম্যাচের শেষ মুহূর্তে গোল হজম করে ক্লিন শিট হারানোর আক্ষেপের চেয়েও দলের পারফরম্যান্সের ধরণ তাকে বেশি ক্ষুব্ধ করেছে। ম্যাচ শেষে মিক্সড জোনে গণমাধ্যমের সামনে নিজের কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ৩৩ বছর বয়সী এই তারকা।

মৌরিতানিয়ার মতো ফিফা র‍্যাঙ্কিংয়ে ১১৫ নম্বর দলের বিপক্ষে আর্জেন্টিনার এমন পারফরম্যান্সকে 'দুর্বল' বলে অভিহিত করেছেন দিবু। তিনি বলেন, 'সত্যি বলতে, পারফরম্যান্স খুবই সাধারণ ছিল। প্রীতি ম্যাচগুলোর মধ্যে এটি আমাদের খেলা অন্যতম বাজে ম্যাচ। আমাদের খেলায় তীব্রতা এবং গতির অভাব ছিল। জাতীয় দলের জার্সি গায়ে দিলে আমাদের আরও ভালো করতে হবে।'

স্পেনের বিপক্ষে বহুল প্রতীক্ষিত 'ফিনালিসিমা' বাতিল হওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে দিবু টিপ্পনী কেটে বলেন, 'ভাগ্য ভালো যে ম্যাচটা বাতিল হয়েছে। আমরা যেভাবে খেলেছি, তাতে স্পেনের বিপক্ষে থাকলে আজ হার নিয়ে মাঠ ছাড়তে হতো।'

২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই ম্যাচটিকে একটি 'ওয়েক-আপ কল' হিসেবে দেখছেন বিশ্লেষকরা। কোচ লিওনেল স্কালোনিও দলের ওপর অসন্তুষ্টি প্রকাশ করেছেন। আগামী মঙ্গলবার জাম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামার আগে এই ভুলগুলো শুধরে নেওয়ার তাগিদ দিয়েছেন দিবু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত