বিশ্বকাপ শুরুর বাকি আর মাত্র কয়েক মাস। এর আগেই মেক্সিকো সিটির ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। স্বাগতিক মেক্সিকো ও পর্তুগালের মধ্যকার প্রীতি ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে গ্যালারির বক্স সিট এলাকা থেকে নিচে পড়ে গিয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। খবর রয়টার্সের।
কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, নিহত ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন। তিনি স্টেডিয়ামের দ্বিতীয় তলার বক্স সিট থেকে ঝুলে প্রথম তলায় নামার চেষ্টা করছিলেন। কাঠামোর বাইরের অংশ দিয়ে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সরাসরি নিচতলায় পড়ে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
আগামী ১১ জুন এই মাঠেই ২০২৬ বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। সংস্কার কাজ শেষে মাঠের প্রস্তুতি যাচাই করতে গতকাল মেক্সিকো ও পর্তুগালের মধ্যকার এই ওয়ার্ম-আপ ম্যাচটি আয়োজন করা হয়েছিল। দিনরাত কাজ করে শনিবারের সময়সীমার মধ্যে স্টেডিয়ামটি খেলার উপযোগী করা হলেও এই দুর্ঘটনা আয়োজকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
তিনটি ভিন্ন বিশ্বকাপে ম্যাচ আয়োজন করা প্রথম স্টেডিয়াম হতে যাচ্ছে এই অ্যাজটেকা। ফুটবলের অনেক গৌরবোজ্জ্বল ইতিহাসের সাক্ষী এই মাঠের পুনর্জন্মের দিনে এমন মৃত্যু ফুটবলপ্রেমীদের শোকাহত করেছে।
পর্তুগাল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর অনুপস্থিতি নিয়েও সমর্থকদের মনে প্রশ্ন ছিল। তবে ম্যাচের আগে এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু মাঠের ফুটবলীয় উত্তেজনাকে ম্লান করে দিয়েছে। স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা ও দর্শকদের আচরণের বিষয়টি নিয়ে এখন নতুন করে ভাবছে ফিফা ও স্থানীয় আয়োজক কমিটি।
