তেল না দেওয়ায় ম্যানেজারকে হত্যা, নড়াইলের সব পাম্প বন্ধ

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ০৬:২০ পিএম

নড়াইলে ট্রাকে তেল দিতে না পারায় এক পেট্রোল পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় জেলার সকল পাম্প বন্ধ ঘোষণা করেছে নড়াইল পাম্প মালিক সমিতি। রবিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন নড়াইল পাম্প মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম হিট্রু ।

তিনি জানান, তুলরামপুরে মেসার্স তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ম্যানেজার নাহিদ সরদার হত্যার ঘটনার প্রতিবাদে জেলার ১০টি পাম্প একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

গতকাল শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত দুইটার দিকে নড়াইল সদরে যশোর-নড়াইল মহাসড়কের পাশে অবস্থিত তুলরামপুরে মেসার্স তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনে ট্রাকের ডিজেল নিতে আসেন পেড়লী গ্রামের ট্রাক চালক সুজাত মোল্যা। পাম্পে তেল না থাকায় তেল দিতে পারেনি পাম্প ম্যানেজার নাহিদ সরদার। তেল না পেয়ে ট্রাকচালকের সঙ্গে নাহিদের বাগবিতণ্ডা হয়।  এক পর্যায়ে ট্রাকচালক জহুর ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যা করার হুমকি দেন। পরে রাত দুইটার দিকে মোটরসাইকেল যোগে নিজ গ্রাম পেড়লীর যাচ্ছিলেন ম্যানেজার নাহিদ ও কর্মচারি জিহাদ। পাম্প থেকে ১০০ গজ দূরে গেলে পেছন থেকে ট্রাকচালক জহুর তার মোটরসাইকেল লক্ষ্য করে চাপা দেয়। এতে ঘটনাস্থলে পাম্প ম্যানেজার নাহিদ সরদার নিহত হন। গুরুতর আহত জিহাদ মোল্যাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত নাহিদ সরদার (৩৩) সদর উপজেলার পেড়লী গ্রামের আকরাম সরদারের ছেলে ও আহত জিহাদ মোল্যা (২৭) চামরুল গ্রামের জহুর আলীর ছেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত