দুই ফাইনালিস্টের লড়াইটা আগেই

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০১:৪৪ এএম

২০২৪ সাফ অনূর্ধ্ব-২০ ফাইনালে স্বাগতিক নেপালকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। দুই ফাইনালিস্টের দেখা হচ্ছে আজ সেমিফাইনালের মঞ্চে। অর্থাৎ দুই দলের একটিকে ফাইনালের আগেই আজ বিদায় নিতে হচ্ছে।

বাংলাদেশ বি গ্রপের রানার্স-আপ হয়েছিল ভারতের চেয়ে গোলগড়ে পিছিয়ে থেকে। পাকিস্তানকে তারা হারিয়েছিল ২-০ ব্যবধানে। আর ভারত হারায় ৩-০ তে। এরপর দুই দলের মুখোমুখি লড়াইটা ১-১-এ শেষ হওয়ায় ভারত হয় গ্রুপসেরা। তারা আজ রাতে অপর সেমিফাইনালে মুখোমুখি হবে ভুটানের।

নেপাল এ গ্রুপে সেরা হয় ভুটান ও শ্রীলঙ্কাকে হারিয়ে এবং মালদ্বীপের সঙ্গে ড্র করে। জয় পাওয়া দুই ম্যাচই তারা জিতেছিল ন্যূনতম ব্যবধানে। তাই বাংলাদেশকে উতরে ফাইনাল খেলা নেপালের জন্য সহজ নয়। তবে বাংলাদেশের স্বস্তিতে থাকার সুযোগ নেই। ভারতের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে লালকার্ড দেখায় আজ ডাগআউটে থাকতে পারছেন না কোচ মার্ক কক্স। সহকারী কোচ আতিকুর রহমান মিশুকে সামলাতে হবে দল। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এটা বড় ধাক্কা বাংলাদেশের জন্য। তবে সেটা সামলে নিজেদের সেরাটা দিতে হবে রোনান সুলিভান, নাজমুল হুদা ফয়সাল, মোর্শেদ আলীদের। তবেই মিলবে ফাইনালের টিকিট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত