মাত্র ১৫ বছর বয়সে ক্রিকেট বিশ্বে আলোড়ন তুলেছেন বৈভাব সূর্যবংশী। তার মতো তরুণ প্রতিভা খুঁজে বের করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই পরিকল্পনার অংশ হিসেবে অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দলকে নিয়ে প্রথমবারের মতো ‘জিডি ট্রফি’ নামে একটি টুর্নামেন্ট আয়োজন করছে বিসিবি। আজ শুরু হচ্ছে এই প্রতিযোগিতা। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হওয়ার ফাইনালের আগে প্রতিটি দল দুবার করে একে অন্যের মুখোমুখি হবে।
বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের আয়োজনে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রতিযোগিতাটি। ২৮ আগস্ট শুরু হয়ে লিগ পর্ব চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে এশিয়া কাপ, বিশ্বকাপ ও দ্বিপক্ষীয় সিরিজ খেলার সুযোগ থাকে ক্রিকেটারদের। অনূর্ধ্ব-২৩ দলের অনেকেই আবার ঢাকা প্রিমিয়ার লিগ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগের মতো প্রতিযোগিতায় নিয়মিত খেলেন। তবে অনূর্ধ্ব-১৭ ক্রিকেটারদের জন্য এমন সুযোগ তুলনামূলক কম। জিডি ট্রফির মাধ্যমে সেই ঘাটতি পূরণ করতে চায় বিসিবি।