অধিনায়ক ল্যাথাম ১৬৩ বাকি সবাই মিলে ২০৯

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০১:৪৫ এএম

বাংলাদেশ সফরের জন্য যে ১৫ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড, তাতে শীর্ষস্থানীয় বেশিরভাগ ক্রিকেটারই অনুপস্থিত। কারণটা স্পষ্ট, ফ্র্যাঞ্চাইজি লিগ। ফিলিপস, স্যান্টনার, মিচেলরা খেলছেন আইপিএল কিংবা পিএসএলে। এনজেডসি এই সময়টায় পরখ করে নিতে চাইছে পরের ধাপের ক্রিকেটারের। তাই তো টম ল্যাথামের নেতৃত্বে ঘোষিত দলে বেশিরভাগ ক্রিকেটারেরই আন্তর্জাতিক ওয়ানডে খেলার অভিজ্ঞতা ৩-৪ ম্যাচ। হেনরি নিকোলস আর উইল ইয়ং এই দুজন আছে ৫০ এর বেশি ম্যাচ খেলা, বাকিদের বেশিরভাগই আন্তর্জাতিক ক্রিকেটে অনিয়মিত।

ডিন ফক্সক্রফটের কথাই ধরা যাক। দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া এই ক্রিকেটার নিউজিল্যান্ডের হয়ে ২০২৩ সালে খেলেছিলেন ১টা ওয়ানডে, বাংলাদেশের বিপক্ষে মিরপুরে। এরপর আবার জাতীয় দলে এসেছেন বাংলাদেশের বিপক্ষে সিরিজেই। টি-টোয়েন্টি দলেও সুযোগ পেয়েছিলেন ২০২৪ সালের আইপিএলের সময়ে পাকিস্তান সফরের দলে। অনভিজ্ঞ হলেও কিউইদের পেস বোলিং আক্রমণটা ধারালো। উইল ও রুর্ক, ম্যাথু ফিশার ও ব্লেয়ার টিকনার এই তিনজন ফিরেছেন জাতীয় দলে, চোট এবং পুনর্বাসন প্রক্রিয়া শেষে। ও রুর্কের ছিল পিঠের চোট, ফিশারের শিন ইনজুরি আর টিকনারের ছিল গোড়ালির চোট। নিউজিল্যান্ডের কোচ রব ওয়াল্টার তাদের দলে ফেরা নিয়ে জানিয়েছেন, ‘উইল, ব্লেয়ার এবং ম্যাট গত কয়েক মাস মাঠে ফেরার জন্য এবং দলে জায়গা করে নিতে কঠোর পরিশ্রম করছে। তাদের পুনরায় দলে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। আধুনিক ক্রিকেটে খেলার পরিমাণ বিবেচনা করলে আমাদের বোলিং বিভাগে বিকল্প খেলোয়াড়ের জোগান থাকাটা অত্যন্ত জরুরি। এই মানের খেলোয়াড়রা দলে ফিরে আসা আমাদের জন্য অত্যন্ত ইতিবাচক।’

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত