পাঁচ টাকা না পেয়ে বৃদ্ধ খুনে আসামির মৃত্যুদন্ড

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ এএম

পাঁচ টাকা চাঁদা না পেয়ে রাজধানীর ইন্দিরা রোডের এক বাড়ির কেয়ারটেকারকে ছুরিকাঘাতে খুনের মামলায় কাজল নামের এক ব্যক্তিকে মৃত্যুদ-সহ ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। গত মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১১-এর বিচারক মো. নুরুল ইসলাম এই রায় দেন। মামলার অভিযোগে জানা যায়, ভিকটিম জুলহাস মিয়া (৬০) রাজধানীর ইন্দিরা রোডের একটা বাড়ির কেয়ারটেকার ছিলেন। ২০১৮ সালের ২০ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি ইন্দিরা রোডের ‘রাজা অ্যান্ড কোং’ নামের সিমেন্টের দোকানের সামনে গেলে আসামি কাজল তার কাছে পাঁচ টাকা দাবি করেন। জুলহাস মিয়া টাকা দিতে দেরি করায় তার পেটে কাজল ছুরিকাঘাত করেন। পরে হাসপাতালে মারা যান তিনি।

কাজলকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় নিহত জুলহাসের ছেলে সাইফুল ইসলাম শেরেবাংলা নগর থানায় মামলাটি করেন। ২০১৮ সালের ২১ মার্চ ঘটনার দায় ফৌজদারি কাযবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আদালতে। শেরেবাংলা নগর থানার তৎকালীন এসআই সোহানুর রহমান তদন্ত শেষে ২০১৮ সালের ৯ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করে আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত