মুন্সীগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আটক

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ১২:০১ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদীখানে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অপরাধে মো. শামসুদ্দিন খান খোকনকে আটক করেছে প্রশাসন। তিনি উপজেলার লতব্দী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ৮ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত জেলার সিরাজদীখান উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদি গ্রামে  উপজেলা নির্বাহী কর্মকর্তা রূম্পা ঘোষ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় একটি ট্রাক জব্দ এবং একটি ভেক্যু মেশিন ধ্বংস করা হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারী, সিরাজদীখান সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার পারভেজ, ক্যাপ্টেন তানজিম এবং সিরাজদীখান থানার ওসি মো. আব্দুল হান্নান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রূম্পা ঘোষ বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অবৈধভাবে মাটি পরিবহনের সময় একটি ট্রাক জব্দ করে পুলিশের জিম্মায় দেওয়া হয়। একই সঙ্গে অবৈধ মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেক্যু মেশিন সম্পূর্ণরূপে বিনষ্ট করা হয়। এছাড়া মাটি কাটার অপরাধে শামসুদ্দিন খান খোকনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য সিরাজদীখান থানার ওসিকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সিরাজদীখান থানার ওসি মো. আব্দুল হান্নান বলেন, অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অপরাধে শামসুদ্দিন খান খোকনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে। তিনি বর্তমানে থানা হাজতে রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত