লেবাননের আরও একাধিক সেতু গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিল ইসরায়েল

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০৮:০০ এএম

লেবাননে চলমান স্থল অভিযানের মুখে দেশটির দক্ষিণাঞ্চলকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা করছে ইসরায়েল। এর অংশ হিসেবে দক্ষিণ লেবাননের গুরুত্বপূর্ণ আরও একাধিক সেতু ধ্বংস করার হুমকি দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। পর্যবেক্ষকদের মতে, এই পদক্ষেপের মাধ্যমে ওই এলাকাকে বাকি দেশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলার চেষ্টা চলছে।

শুক্রবার (৪ মার্চ) ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র আভিচাই আদরাই সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, পশ্চিম বেকা উপত্যকার লিটানি নদীর ওপর অবস্থিত সোহমোর ও মাশঘারা সেতু দুটি বোমা মেরে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে তারা। ইসরায়েলের দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই সেতুগুলো ব্যবহার করছে।

আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, এই সেতু দুটি ওই অঞ্চলের প্রধান ধমনী হিসেবে পরিচিত, যা দিয়ে মানুষ ও পণ্যবাহী যানবাহন চলাচল করে। সেতুগুলো ধ্বংস হলে পশ্চিম বেকা উপত্যকা বাকি লেবানন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। এতে সাধারণ মানুষের পক্ষে হাসপাতাল ও অন্যান্য জরুরি সেবার কেন্দ্র হিসেবে পরিচিত চতোরা শহরে পৌঁছানো অসম্ভব হয়ে পড়বে।

উল্লেখ্য, গত মার্চ মাসের শুরু থেকে আকাশ ও স্থলপথে হামলা শুরুর পর এ পর্যন্ত লিটানি নদীর ওপর অন্তত ৬টি সেতু ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী।

দক্ষিণ লেবাননের ওয়াটার এস্টাবলিশমেন্ট জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় ইবল আল-সাকি এবং আল-মাইসাত এলাকায় পানি সরবরাহের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সোলার প্যানেল সিস্টেম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্তৃপক্ষ একে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে।

এছাড়া শুক্রবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে পশ্চিম বেকার সাহমার শহরে মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার সময় মুসল্লিদের ওপর হামলায় ২ জন প্রাণ হারান।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া এই ভয়াবহ সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ১,৩ ৪৫ জন নিহত এবং ৪,০০০-এর বেশি মানুষ আহত হয়েছেন। বাড়িঘর ছেড়ে পালিয়েছেন প্রায় ১২ লাখ মানুষ। ইসরায়েলি বাহিনী ইতোমধ্যে সীমান্তবর্তী বহু আবাসিক ভবন মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে।

সহিংসতা তীব্র হওয়ার সাথে সাথে জাতিসংঘ শান্তিরক্ষীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে। শুক্রবার আল-আদাইসা এলাকায় এক বিস্ফোরণে ৩ জন শান্তিরক্ষী আহত হয়েছেন, যাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর পক্ষ থেকে সব পক্ষকে শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার এবং তাদের আশপাশে যুদ্ধ কর্মকাণ্ড এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

সূত্র: আল-জাজিরা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত