বাসা থেকে বেরিয়ে স্কুলে যাওয়া হলো না জিহানের, সড়কে মৃত্যু

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০৮:২২ পিএম

স্কুলে যাওয়া হলো না হাসিবুল ইসলাম জিহানের (১১)। নিয়ন্ত্রণহীন লরিচাপায় সড়কেই নিভে গেল তার জীবন প্রদীপ। একই সময়ে গুরুতর আহত হয় তারই সহপাঠী মেহজাবিন আক্তার তানিসা (১১)। তারা দু’জন কুমিল্লার চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন।

আজ শনিবার (৪ মার্চ) সকালে স্কুলে যাওয়ার সময়ে নিয়ন্ত্রণহীন লরিচাপায় মহাসড়কেই হাসিবুল ইসলাম জিহান মারা যায়। নিহত জিহান একই এলাকার প্রবাসী আবুল হোসেন ও অঞ্জু আক্তার দম্পতির ছেলে বলে জানা গেছে। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাব উদ্দিন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি শাহাব উদ্দিন জানান, শনিবার সকালে নিহত জিহান ও তারই চাচাতো বোন তানিসা হেঁটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়াকওয়ে দিয়ে স্কুলে যাচ্ছিল। আমানগন্ডা তাকিয়া আমগাছ নামক স্থানে পৌঁছালে পেছন থেকে চট্টগ্রাম অভিমুখী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের দু’জনকে চাপা দিয়ে মহাসড়কের পাশে উল্টে পড়ে যায়। এ সময় লরির নিচে পিস্ট হয়ে ঘটনাস্থলেই জিহানের মৃত্যু হয়।

নিহত জিহানের জেঠাতো ভাই খালেদ জানান, জিহান ও তানিসা অনেক মেধাবী শিক্ষার্থী ছিল। তারা সব সময়ে একসাথে স্কুলে আসা-যাওয়া করত। শনিবার সকালে স্কুলের কাছাকাছি পৌঁছালে পেছন থেকে একটি লরি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে জিহানের মৃত্যু হয়। গুরুতর আহত হয় তানিসা। দুটি পরিবারেই শোকের মাতম বইছে।

মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাব উদ্দিন আরো জানান, দুর্ঘটনাকবলিত লরিটি জব্দ করা হয়েছে। গাড়ির চালক ও হেলপার পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে জিহানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত