ক্রিকেটার-পরিচালকরা চেয়েছিলেন বিশ্বকাপ খেলতে; চাননি আসিফ নজরুলরা

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ১২:০০ পিএম

ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ কেন খেলতে পারেনি- সেটা এখন অনেকটাই দিনের আলোর মতো পরিস্কার। গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকেরাও এই সিদ্ধান্তের দায় চাপিয়েছেন তৎকালীন সরকারের ওপর। ক্রিকেটারদের মতামত না নিয়েই বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। অথচ, বিশ্বকাপ খেলার পক্ষে ছিলেন ক্রিকেটার থেকে শুরু করে বোর্ড পরিচালকেরাও।

মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার প্রেক্ষিতে ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অন্তরবর্তী সরকার। তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের দাবি ছিল, ক্রিকেটাররা নাকি ভারতে বিশ্বকাপ খেলতে চাননি। তবে বোর্ড কর্তাদের দাবি, তাদের চাওয়া গুরুত্ব পায়নি সরকারের কাছে। সেই সময় এই ইস্যুতে আসিফ নজরুলকেই সবচেয়ে বেশি সক্রিয় দেখা গেছে।

গতকাল শনিবার মিরপুরে সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন, ‘খেলোয়াড়দের থেকে আপনারা ক্লিয়ার সিগনাল পেয়েছেন। আমি যতটুকু জানি আলোচনা হয়নি। সালাউদ্দিনও (মোহাম্মদ সালাউদ্দিন) বলেছে। সেদিন যারা ছিল, ফাহিম ভাই বলতে পারবে… ফাহিম ভাই সার্বক্ষণিক যোগাযোগ রেখেছে।’

এরপর নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘বিশ্বকাপ ঘিরে মোস্তাফিজ ইস্যুর পর আমরা প্রথমে প্রতিক্রিয়া দেখিয়েছি অবশ্যই। আমাদের অন্য ধরনের চিন্তাভাবনা ছিল। সরকার থেকে যখন একটা সিদ্ধান্ত চলে আসে তখন সেটাই ফলো করতে হয়েছে। আমরা যখন প্রতিক্রিয়া দেখিয়েছি, তখন আমার ধারণা ছিল ওদের সাথে আলাপ আলোচনা করব, দর কষাকষি হবে। সরি বলবে, এই ব্যবস্থা করব সেই ব্যবস্থা করব বলবে। তারপর হয়ত আমরা রাজি হয়ে যাব যাওয়ার জন্য। কিন্তু সে পথে যাওয়ার সুযোগ ছিল না। কারণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত হয়ে গেছে আমরা যাব না।’

তিনি আরও বলেন, ‘'২৩ তারিখে বিপিএল ফাইনাল হলো। চট্টগ্রামে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার কারণে, দেরি হয়ে যাওয়ায় সিলেটে অনেক বেশি ম্যাচ খেলতে হলো, তাড়াতাড়ি ঢাকা চলে আসতে হলো। আমরা চাইলেই ২ দিন সময় নিয়ে চট্টগ্রামে খেলা শেষ করতে পারতাম। যে কারণে করিনি সেটা হলো আমাদের বিশ্বকাপে যেতে হবে। হয়তো আমরা ২৮ তারিখে যেতাম খেলার জন্য। আমরা সম্পূর্ণ প্রস্তুত ছিলাম বিশ্বকাপ খেলতে। সরকার নিরাপদ না বলার পর আমাদের আর কিছু বলার সুযোগ ছিল না। একপর্যায়ে আমাদের মতামত এত গুরুত্বপূর্ণ ছিল না।’

মোখসেদুল কামাল বাবু জানান, ‘বোর্ড অবশ্যই বিশ্বকাপ খেলার পক্ষে ছিল।’ এক পর্যায়ে সংবাদ সম্মেলনে বোর্ড পরিচালকরা জোর গলায় দাবি করলেন, ‘পরিচালক হিসেবে কেউ বিশ্বকাপ না খেলতে চায়নি। একজনও না। আমরা তাকিয়ে ছিলাম।’

গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে দেশে নতুন সরকার এসেছে। ইতোমধ্যেই ভারতের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক উন্নয়নে উদ্যোগী হয়েছে বিসিবি। ফাহিম জানান, ‘এখনকার সরকার চায় ভারত বা যেকোনো দেশের সাথে ভালো সম্পর্ক থাকবে। এটা তাই সরকার কী চায় সেটার ব্যাপার। সরকার যা চাইবে আমরা তা অনুসরণ করব। দেশীয় দৃষ্টিভঙ্গি কী সেটাও গুরুত্বপূর্ণ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত