বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবশেষ নির্বাচন নিয়ে ওঠা অনিয়মের অভিযোগের তদন্ত শেষ হয়েছে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন ৫ সদস্যের স্বাধীন তদন্ত কমিটি আজ রোববার (৫ এপ্রিল) তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছে। তবে বিসিবির ভবিষ্যৎ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে আলোচনা করবে সরকার।
রোববার বিকেলে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এ তথ্য নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) চেয়ারম্যান আমিনুল হক।
৩৪ পাতার এই বিস্তারিত প্রতিবেদনে বিসিবি নির্বাচন বিষয়ক প্রয়োজনীয় সুপারিশ তুলে ধরা হয়েছে। যদিও জানা গেছে যে প্রতিবেদনে সুনির্দিষ্টভাবে কাউকে অভিযুক্ত করা হয়নি, তবে বিসিবির গঠনতন্ত্র সংশোধনের জোরালো সুপারিশ করা হয়েছে। প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, "তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেওয়ার পর আমরা তাৎক্ষণিকভাবে আন্তঃমন্ত্রণালয় সভা করেছি। আইসিসিকে এই প্রতিবেদনের বিষয়ে অবহিত করার পরই আমরা ইনশাআল্লাহ পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব।"
তদন্তের স্বার্থে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে তলব করা হলেও তিনি উপস্থিত হননি। উল্টো সামাজিক যোগাযোগমাধ্যমে এই তদন্তের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এ বিষয়ে প্রতিমন্ত্রী জানান, আসিফ মাহমুদের অনুপস্থিতির বিষয়টি তদন্ত প্রতিবেদনে উল্লেখ রয়েছে এবং আইসিসির সঙ্গে আলোচনার সময় এটিও বিবেচনায় নেওয়া হবে।
এদিকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল গতকালই ঘোষণা দিয়েছেন যে তিনি 'শেষ ব্যক্তি' হিসেবে বোর্ডে টিকে থাকবেন। কিন্তু সরকারের এই তদন্ত প্রতিবেদন এবং আইসিসির হস্তক্ষেপের সম্ভাবনায় বিসিবির বর্তমান কমিটির টিকে থাকা এখন বড় চ্যালেঞ্জের মুখে।
বিসিবি নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ আসিফের; জয় শাহের কাছে ‘সাবেক ক্রিকেটারের’ লবিং!