ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে প্রার্থীদের জামানত দিতে হবে ২০ হাজার টাকা।
বুধবার (০৮ এপ্রিল) এ সংক্রান্ত পরিপত্র জারি করেছেন নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন।
এতে বলা হয়েছে, মনোনয়নপত্রের সাথে ৩০০/- (তিনশত) টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্প অথবা কোর্ট ফি এর মাধ্যমে হলফনামা প্রস্তুতপূর্বক মনোনয়নপত্রের সাথে দাখিল করতে হবে।
এ ছাড়া মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি কর্তৃক নগদ ২০ হাজার টাকা জামানত বাবদ জমা দিতে হবে। অথবা মনোনয়নপত্রের সাথে প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি কর্তৃক ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার বা কোন সরকারি ট্রেজারি বা সাব ট্রেজারিতে জামানতের অর্থ নির্দিষ্ট কোডে জমা প্রদানের রসিদ সংযুক্ত করতে হবে।
ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, নির্বাচন করার জন্যে রিটার্নিং অফিসার হিসেবে নির্বাচন ব্যবস্থাপনা শাখার যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খানকে নিয়োগ করা হয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে থাকবেন নির্বাচন পরিচালনা শাখার উপ সচিব মোহাম্মদ মনির হোসেন। এছাড়াও চারজন পোলিং অফিসারকে নিয়োজিত থাকবেন।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তা দ্বারা যাচাই-বাছাই ২২ এপ্রিল থেকে ২৩ এপ্রিল। বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল আর ভোটগ্রহণ ১২ মে সকাল ৮টা থেকে বিকেল ৪টা।
সাধারণ নির্বাচনে প্রাপ্ত আসনের সংখ্যানুপাতের ভিত্তিতে জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩ ও স্বতন্ত্র প্রার্থীদের জোট ১টি আসন পাবে।
তফসিলের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মনোনয়নপত্র আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নিতে হবে।
