সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ মে। রাজনৈতিক দলগুলো তাদের নারী প্রার্থী যাচাই-বাছাই করছে। এরই মধ্যে সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্ত করেছে বিরোধীদল বাংলাদেশ জামায়াতে ইসলামী। শিগগির প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছে দলীয় সূত্র।
সোমবার (৬ এপ্রিল) জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জোবায়ের বিষয়টি নিশ্চিত করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষেই সংরক্ষিত নারী আসনে নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু করে জামায়াত। গত মার্চ মাসজুড়ে দলে নারী প্রার্থী বাছাই ও মনোনয়ন প্রক্রিয়া কার্যক্রম চালায় দলটি।
জামায়াতের নারী বিভাগের একটি সূত্র জানায়, নারী সংসদ সদস্য প্রার্থীদের প্রায় ২৫ জনের একটি তালিকা কেন্দ্রীয় নির্বাহী পরিষদে পাঠানো হয়। কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটিও প্রক্রিয়ায় কাজ করে।
জামায়াত জোট যেভাবে ১৩ আসন পাচ্ছে: নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ সোমবার (৬ এপ্রিল) সাংবাদিকদের জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জোটভিত্তিক বণ্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জোট ৩৬টি আসন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জোট ১৩টি আসন ও স্বতন্ত্রদের ঝুলিতে যাচ্ছে একটি।
আইন অনুযায়ী, নির্বাচিত সদস্যরাই সংরক্ষিত নারী আসনের জন্য ভোট দেবেন। প্রতিটি দল বা জোট তাদের প্রাপ্ত সাধারণ আসনের অনুপাতে প্রার্থী মনোনয়ন দিতে পারে। একক প্রার্থী থাকলে ভোটগ্রহণের প্রয়োজন হয় না; তবে একাধিক প্রার্থী হলে ভোটের মাধ্যমে সর্বোচ্চ ভোটপ্রাপ্তরা নির্বাচিত হন। একটি সংরক্ষিত নারী আসন পেতে ছয়জন নির্বাচিত সংসদ সদস্যের সমর্থন প্রয়োজন। স্বতন্ত্র প্রার্থীরা কোনো জোটে যুক্ত হলে আসন পেতে পারেন, অন্যথায় বণ্টনের হিসাব পরিবর্তিত হতে পারে।
জামায়াতে ইসলামীর সম্ভাব্য নারী প্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছেন কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি অধ্যাপিকা নুরুন্নিসা সিদ্দিকা, বুয়েটের সাবেক শিক্ষার্থী ও শিক্ষক প্রকৌশলী মারদিয়া মমতাজ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডা. আমিনা বেগম রহমান, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য শাহান আরা বেগম এবং সুপ্রিমকোর্টের আইনজীবী ও মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি ব্যারিস্টার সাবিকুন্নাহার মুন্নী।
এর বাইরে থাকতে পারেন সাঈদা রুম্মান, খন্দকার আয়েশা খাতুন, ডা. হাবিবা চৌধুরী সুইট, কাজী মারিয়া ইসলাম বেবি, রাবেয়া খানম, ডা. শিরিন আক্তার রুনা, তানহা আজমি, নার্গিস খান, কানিজ ফাতেমা, সেলিনা আক্তার ও আয়েশা সিদ্দিকা পারভীনের নামও আলোচনায় রয়েছে।
অধ্যাপিকা নুরুন্নিসা সিদ্দিকা সংবাদমাধ্যমকে বলেন, নারীরা দলের আমির হতে না পারলেও সংরক্ষিত নারী আসনে যোগ্যদের মনোনয়ন দেওয়া হবে।
দলীয় সূত্রে আরও জানা গেছে, নারী-পুরুষ মিলিয়ে জামায়াতে ইসলামীর সদস্য সংখ্যা এক লাখের বেশি। এর মধ্যে প্রায় ৫৭ শতাংশ পুরুষ ও ৪৩ শতাংশ নারী। মহিলা বিভাগে প্রায় অর্ধলাখ সদস্য রয়েছেন। পাশাপাশি প্রায় চার লাখ কর্মী এবং অসংখ্য সহযোগী সদস্য নিয়ে সারা দেশে মহিলা বিভাগের সাংগঠনিক কাঠামো বিস্তৃত রয়েছে। এর মধ্যে রয়েছেন বিপুলসংখ্যক মেধাবী নারী, যারা ইসলামি ও আধুনিক জ্ঞানসম্পন্ন।
নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৪