সিঙ্গাপুরসহ তিন দেশে এনআইডি কার্যক্রম চলতি মাসেই

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৯:৩১ পিএম

চলতি জুলাই মাসে সিঙ্গাপুর, বাহরাইন ও ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে তিন দেশেই পৃথক কারিগরি ও ব্যবস্থাপনা দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

শনিবার (৪ জুলাই) ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে। 

এ বিষয়ে নির্বাচন কমিশনের উপসচিব জিএম সাহাতাব উদ্দিন ইতোমধ্যে ছয়টি পৃথক আদেশ জারি করেছেন।

ইসির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৩ জুলাই উপসচিব মোহাম্মদ এনামুল হকের নেতৃত্বে চার সদস্যের একটি কারিগরি দল বাহরাইনে যাবে। পরে ১৫ জুলাই দুই সদস্যের একটি ব্যবস্থাপনা দল সেখানে যোগ দেবে।

এদিকে ২০ জুলাই এনআইডি অনুবিভাগের পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে চার সদস্যের কারিগরি দল ফ্রান্সে যাবে। ২২ জুলাই এনআইডি অনুবিভাগের মহাপরিচালক আবুল হাসনাত মুহাম্মদ আনোয়ার পাশার নেতৃত্বে দুই সদস্যের ব্যবস্থাপনা দল দেশটিতে পৌঁছাবে। অন্যদিকে ২৭ জুলাই সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তার নেতৃত্বে চার সদস্যের কারিগরি দল সিঙ্গাপুরে যাবে। এরপর ২৯ জুলাই ইসির অতিরিক্ত সচিবের নেতৃত্বে দুই সদস্যের ব্যবস্থাপনা দল সেখানে দায়িত্ব গ্রহণ করবে। এসব সফরের ব্যয় বহন করা হবে আইডিইএ প্রকল্প-২ থেকে।

ইসি কর্মকর্তারা জানান, বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, ওমান ও দক্ষিণ আফ্রিকাসহ ১৪টি দেশের ২৪টি স্টেশনে প্রবাসীদের ভোটার নিবন্ধন ও এনআইডি বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। নতুন করে সিঙ্গাপুর, বাহরাইন ও ফ্রান্স যুক্ত হলে এ সেবার পরিধি আরও বাড়বে। 

বর্তমানে সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে এনআইডির আবেদন গ্রহণ করা হয়। পরে দেশে তথ্য যাচাই ও এনআইডি মুদ্রণের পর তা আবার দূতাবাসের মাধ্যমে আবেদনকারীদের কাছে পৌঁছে দেওয়া হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত