ফরিদপুরের বোয়ালমারীতে কৃষকদের জন্য বরাদ্দকৃত ডিজেল তেল ছিনতাই ও আত্মসাতের অভিযোগে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি।
বুধবার (৮ এপ্রিল) রাতে পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হোসাইনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, উপজেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে শ্যালো মেশিনধারী কৃষকদের মাঝে ডিজেল বিতরণের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পরিকল্পিতভাবে অপপ্রচার ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তিনি অভিযোগ করেন, জামায়াতে ইসলামীর কিছু নেতা সাতৈর ইউনিয়ন পরিষদে পৌঁছানোর আগেই জোরপূর্বক তেলের গাড়ি থেকে ডিজেল নামিয়ে তা নিজেদের দলীয় তেল হিসেবে প্রচারের চেষ্টা করে। এতে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হয়।
তিনি আরও বলেন, পরে সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টুর হস্তক্ষেপ এবং স্থানীয় জনগণের প্রতিরোধের মুখে অভিযুক্তরা ব্যর্থ হয়।
সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু অভিযোগ করে বলেন, উপজেলা প্রশাসনের উপস্থিতিতে সকল ইউনিয়নে সমানভাবে তেল বিতরণের সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত অমান্য করে নির্ধারিত স্থান পরিবর্তন করে একটি ব্যক্তিগত দোকান ও বাড়ির সামনে তেলের গাড়ি থামানো হয়। পরে প্রশাসনের সহায়তায় তেল উদ্ধার করে ইউনিয়ন পরিষদে সংরক্ষণ করা হয়। তিনি দাবি করেন, একটি মহল তেল আত্মসাতের চেষ্টা করেছিল।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, পৌর বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ এবং সাধারণ সম্পাদক ইমরান হোসাইনসহ দলীয় নেতাকর্মীরা।
এর আগে, গত ৭ এপ্রিল কৃষকদের জন্য আনা ডিজেল বিতরণকে কেন্দ্র করে বোয়ালমারীতে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ ওঠে। জানা যায়, বোয়ালমারী উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড. ইলিয়াস মোল্লা ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম নাসিরের সহযোগিতায় মেঘনা ডিপো থেকে কৃষি সেচের জন্য ডিজেল সংগ্রহ করা হয়।
উক্ত ডিজেল উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভায় সরকারি ব্যবস্থাপনায় বিতরণের জন্য আনা হয়। প্রতিটি ইউনিয়নের জন্য প্রায় ২ হাজার লিটার করে ডিজেল বরাদ্দ রাখা হয়েছিল, যা কার্ডধারী প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণের কথা ছিল। তবে বিতরণ কার্যক্রম শুরুর আগেই সাতৈর ইউনিয়নে তেল নামানোকে কেন্দ্র করে জটিলতা সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, পূর্বনির্ধারিত সিদ্ধান্ত উপেক্ষা করে তেলের গাড়ি অন্যত্র নামানো হয়, এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
