ইউরেনিয়াম ‘সীমিত করা হবে না’ : ইরান

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ০৬:০৮ পিএম

ইরানের ১০ দফা প্রস্তাবকে যুদ্ধবিরতির ভিত্তি হিসেবে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করলেও প্রকারন্তে তা মানছেনা যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। তারা বলেছে, লেবাননে তাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। লেবাননে তারা ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও যুদ্ধবিরতির আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয় বলে মন্তব্য করেছেন। ট্রাম্প বলেন, মূলত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কারণে লেবাননকে এই চুক্তির বাইরে রাখা হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র বারবার বলছে যে, ইরানকে পারমাণবিক কর্মসূচি চালাতে দেবে না বা সমৃদ্ধ করতে দেবে না। এমনকি চলমান শান্তিচুক্তির আলোচনারও অন্যতম গুরুত্বপূর্ণ এজেন্ডা হলো তেহরানের পরমাণু কর্মসূচি। তবে বৈঠকে বসার আগেই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে ইরান।

ইসলামি প্রজাতন্ত্রের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ‘সীমিত করা হবে না’। এই সংস্থার প্রধান মোহাম্মদ এসলামী বলেছেন, দেশের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সীমিত করা হবে না। ইরানি স্টুডেন্টস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, তিনি বলেন ‘শত্রুপক্ষ ইরানের সমৃদ্ধকরণ কর্মসূচিকে সীমাবদ্ধ করতে সফল হবে না।’ তিনি আরও জোর দিয়ে বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের পারমাণবিক শিল্পের একটি মৌলিক অংশ এবং এটি দেশের জন্য একটি ‘রেড লাইন’ হিসেবে বিবেচিত।

এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে, ফলে বর্তমান পরিস্থিতিতে আলোচনা অর্থহীন হয়ে পড়েছে। বৃহস্পতিবার (৯এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের তাসনিম নিউজ এজেন্সি।

এর আগে, একই দিনে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ইরানের ১০ দফা প্রস্তাবকে যুদ্ধবিরতির ভিত্তি হিসেবে গ্রহণ করে এবং ইসলামি প্রজাতন্ত্রের উত্থাপিত মূল দাবিগুলো মেনে নেয়। তবে প্রস্তাবের একটি গুরুত্বপূর্ণ দফা ছিল সব ফ্রন্টে, বিশেষ করে লেবাননে, হামলা বন্ধ করা। কিন্তু এরই মধ্যে ইসরায়েল লেবাননে ভয়াবহ হামলা চালায়, যাতে শত শত বেসামরিক মানুষ নিহত হয়েছে। গালিবাফ তার পোস্টে বলেন, শুরু থেকেই আমরা বর্তমান প্রক্রিয়াটি অবিশ্বাসের সঙ্গে অনুসরণ করে আসছি, এবং প্রত্যাশিতভাবেই যুক্তরাষ্ট্র আবারও আলোচনা শুরু হওয়ার আগেই তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, ইরানের ১০ দফা পরিকল্পনাই এই আলোচনার ভিত্তি ও কাঠামো। গালিবাফের মতে, প্রস্তাবের অন্তত তিনটি দফা ইতোমধ্যে লঙ্ঘিত হয়েছে-লেবাননে যুদ্ধবিরতি সংক্রান্ত প্রথম দফা মানা হয়নি- যা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও ‘তাৎক্ষণিক সর্বত্র যুদ্ধবিরতি’ হিসেবে উল্লেখ করেছিলেন। ইরানের আকাশসীমায় একটি অনুপ্রবেশকারী ড্রোন প্রবেশ করে, যা ফার্স প্রদেশের লার শহরে ধ্বংস করা হয়- এটি আকাশসীমা লঙ্ঘন না করার শর্তের স্পষ্ট লঙ্ঘন।

ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষেত্রে ইরানের অধিকার স্বীকারে অস্বীকৃতি, যা প্রস্তাবের ষষ্ঠ দফা ছিল। তিনি বলেন, আলোচনা শুরুর আগেই ‘মৌলিক আলোচনা কাঠামো’র তিনটি গুরুত্বপূর্ণ ধারা প্রকাশ্যে ও স্পষ্টভাবে লঙ্ঘিত হয়েছে। এমন পরিস্থিতিতে দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি বা কোনো ধরনের আলোচনা- কোনোটিই আর অর্থবহ নয় বলেও মন্তব্য করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত