নারায়ণগঞ্জের ফতুল্লা

ঝুট নামানো নিয়ে সংঘর্ষে মাদ্রাসাছাত্রসহ গুলিবিদ্ধ ২

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ এএম

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গার্মেন্টসের ঝুট নামানোকে কেন্দ্র করে বিএনপি-যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে রাকিব হোসেন নামে এক যুবক ও ইমরান নামের এক মাদ্রাসাছাত্র গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষের আহত হয়েছে আরও অন্তত ১০ জন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় এনায়েতনগর ইউনিয়নের শাসনগাঁও চাঁদনী হাউজিংয়ে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেনফতুল্লার এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক খোকা মিয়ার ছেলে রাকিব (২২), মাদ্রাসাছাত্র ইমরান হোসেন (১২)।

জানা যায়, চাঁদনী হাউজিং এলাকায় ‘বেস্ট ইস্টাল কম্পোজিট ’ নামে একটি পোশাক কারখানায় ৫ আগস্টের পর যুবদলের অভি-মনির গার্মেন্টস থেকে ঝুট নামায়। গতকাল বৃহস্পতিবার সকালে বিএনপি নেতা খোকা, ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদ তাদের লোকজন নিয়ে গার্মেন্টস থেকে ঝুট নিতে এলে অভি তাদের বাধা দেয়। তখন এনায়েতনগর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হোসেন খোকা ও থানা যুবদলের আহ্বায়ক মাসুদ এবং ইউনিয়ন যুবদলের অভি-মনির গ্রুপের মধ্যে কথা কাটাকাটির একপযার্য়ে সংঘর্ষ বাঁধে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনায় খোকা-মাসুদ গ্রুপের রাকিব ও পথচারী এমরান হোসেন নামে এক মাদ্রাসাছাত্র গুলিবিদ্ধ হয়। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসাধীন এমরানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে তার বাবা আসমাউল হোসেন।

অতিরিক্ত পুলিশ সুপার (ক-অঞ্চল) হাসিনুজ্জামান জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত