নাশকতা ও হত্যা মামলা

সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেপ্তার

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ এএম

নাশকতা ও হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে (৪৬) গ্রেপ্তার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ।

গত বুধবার রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সফুরা বেগম লালমনিরহাট-কুড়িগ্রাম সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি। তিনি লালমনিরহাট জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। গতকাল বৃহস্পতিবার লালমনিরহাট জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে সফুরা বেগম রুমী লালমনিরহাট ছেড়ে রাজধানী ঢাকায় আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে লালমনিরহাট সদর থানা, রংপুর কোতোয়ালি এবং ঢাকার মোহাম্মদপুর থানায় হত্যা ও নাশকতাসহ মোট পাঁচটি মামলা রয়েছে।

এর মধ্যে রংপুর কোতোয়ালি থানায় গত বছরের ৩১ আগস্ট একটি হত্যা মামলা এবং ঢাকার মোহাম্মদপুর থানায় গত ৫ জুন আরেকটি হত্যা মামলা করা হয়। এ ছাড়া লালমনিরহাট সদর থানায় দ্রুত বিচার আইন, প্রতারণা ও ভাঙচুর সংক্রান্ত আরও তিনটি মামলা রয়েছে তার নামে।

পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, লালমনিরহাট জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় মোহাম্মদপুরে অবস্থান শনাক্ত করে। পরে গত বুধবার রাতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

লালমনিরহাট জেলা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত