এখনো প্রকৃত প্রেম আসেনি

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০৮:০২ এএম

‘জেলো’খ্যাত মার্কিন গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ। দীর্ঘদিন ধরে গানের পাশাপাশি সিনেমা এবং ওয়েব সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেও সুনাম কুড়াচ্ছেন এই আবেদনময়ী তারকা। তবে গান ও অভিনয়ে ভক্তদের মাতালেও ব্যক্তিজীবনে বড়ই অসুখী জেনিফার লোপেজ। সর্বশেষ বেন অ্যাফ্লেকের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর আবারও একা হয়ে পড়েছেন তিনি। সেই একাকিত্ব দূর করতে নতুন সঙ্গীর সন্ধান করছেন এই মার্কিন তারকা। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম পেজ সিক্সের এক প্রতিবেদন থেকে জানা যায়, জেনিফার লোপেজ নিজেকে নতুন সম্পর্কের জন্য প্রস্তুত মনে করছেন এবং প্রেমের বিষয়ে তিনি বেশ আশাবাদী। বারবার প্রেমে পড়েছেন। ‘এটাই সঠিক প্রেম’ এ রকম ভাবনা থেকেই একাধিকবার বিবাহবন্ধনেও আবদ্ধ হয়েছেন তিনি। তার পরও জেনিফার লোপেজের জীবনে হাহাকার! সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনেত্রীর দাবি, আজও নাকি খাঁটি ভালোবাসা খুঁজছেন তিনি।

অভিনেত্রী-গায়িকার জীবনপঞ্জি বলছে, ভালোবাসার জন্য তিনি চারবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। সঙ্গী বদলেছেন সাতবার। এ প্রসঙ্গে কথা উঠতেই হতাশামাখা কণ্ঠে লোপেজ জানান, তার জীবনে এখনো প্রকৃত প্রেম আসেনি! তার জন্য তিনি দায়ী করেছেন তার প্রাক্তনদের। তার ভাষ্য, ‘আমি ভালোবাসার অযোগ্য নই। যারা এসেছিলেন, তারা আমায় সঠিকভাবে ভালোবাসতে পারেননি। কেবল আংটি, বাড়ি এসবেই মন দিয়েছেন। জাগতিক জিনিসের প্রতিই তাদের মনোযোগ ছিল বেশি।’

কেন জেনিফার লোপেজের প্রকৃত প্রেমের হদিস মিলছে না আজও? এমন প্রশ্নের জবাবে এই গায়িকা-নায়িকা জানিয়েছেন, তিনি উপলব্ধি করেছেন, তার অতীত সম্পর্কগুলো ব্যর্থ। তার কারণ তিনি নিজেকে ভালোবাসতেন না! তাই হয়তো ‘সঠিক ভালোবাসা’ দাবি করতে পারেননি প্রাক্তনদের কাছ থেকে। এখানেই শেষ নয়। সাক্ষাৎকারে জেনিফারের আরও দাবি, মন থেকে সাড়া পাননি বলেই মার্ক অ্যান্টনি এবং বেন অ্যাফ্লেকের মতো হাই-প্রোফাইল ব্যক্তির সঙ্গে সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। ব্যক্তিজীবনে অসুখী জেনিফার অবশেষে বুঝতে পেরেছেন, এ ধরনের অভিজ্ঞতা আদতে নিজেকে ভালোবাসতে শেখায়। নিজেকে ভালো রাখতে অভিনেত্রী ভবিষ্যতে নিজের মনের আরও যতœ নেবেন বলে জানান। একই সঙ্গে আরও একটি ভুল করবেন না বলে জানিয়েছেন জেনিফার। তিনি আগে নিজের প্রেমজীবন নিয়ে খোলামেলা আলোচনা করতেন। আগামী দিনে তাতেও আড়াল টানবেন।

শোনা যাচ্ছে, জেনিফারের বন্ধুরা তাকে নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার পরামর্শ দিয়েছেন এবং তিনিও সেই পরামর্শে আগ্রহ প্রকাশ করেছেন। অভিনেত্রীর এক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়, নতুন সম্পর্কের ক্ষেত্রে এবার জেনিফার শুধু তারকা কিংবা হলিউডের পরিচিত ব্যক্তিদের মধ্যেই সীমাবদ্ধ থাকছেন না, বরং বিনোদন জগতের বাইরের মানুষের সঙ্গেও সম্পর্কে জড়ানোর ব্যাপারে বেশ আগ্রহী তিনি। আরও জানা গেছে, জেনিফার এমন কারও সঙ্গে ডেট করতে চান, যিনি জনসমক্ষে খুব বেশি পরিচিত নন, তবে তিনি নিজের পছন্দের ক্ষেত্রে খুব বেশি শর্ত বেঁধে দিচ্ছেন না।

২০২২ সালে জর্জিয়াতে বেন অ্যাফ্লেক ও লোপেজের বাগদান সম্পন্ন হয় জোলির। তাদের জীবনের গল্প সিনেমার চিত্রনাট্যকেও যেন হার মানায়। তুমুল প্রেম, বাগদান, বিয়ে এবং সবশেষে দুই বছরের মাথায় নাটকীয় ও বিতর্কিত বিচ্ছেদ। তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ চূড়ান্ত হয় ২০২৫ সালের ৬ জানুয়ারি, যদিও এটি কার্যকর হয় ২০২৫ সালের ২১ ফেব্রুয়ারি। বর্তমানে বেন অ্যাফ্লেক তার সাবেক স্ত্রী জেনিফার গার্নারের সঙ্গে আবারও সময় কাটাচ্ছেন।

তবে বিচ্ছেদের পর জেনিফার লোপেজ দিন দিন আরও আকর্ষণীয় হয়ে উঠছেন। বলা যায়, ভক্তদের মাথা ঘুরিয়ে দিচ্ছেন এই গায়িকা-অভিনেত্রী। ইদানীং তার হ্যান্ডসাম কর্মীদের সঙ্গে অন্তরঙ্গতা একটু বেশিই চোখে পড়ছে। এ নিয়ে তুমুল চর্চায় আছেন লোপেজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত