প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘নাইন্টিন ক্যান্ডেল’ ক্যান্টিন পরিচালনা চুক্তি স্বাক্ষর

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ১০:১৪ পিএম

প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য স্বাস্থ্যসম্মত, মানসম্মত ও সাশ্রয়ী মূল্যে খাবার সরবরাহ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের তিনটি ক্যাম্পাসে ‘নাইন্টিন ক্যান্ডেল’ ক্যান্টিন পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে গত বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৪টায় প্রিমিয়ার ইউনিভার্সিটির সঙ্গে ‘নাইন্টিন ক্যান্ডেল’-এর একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী আগামী ২৯ আগস্ট ২০২৬, শনিবার থেকে ক্যান্টিনের কার্যক্রম শুরু হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির এবং মাননীয় রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য স্বাস্থ্যকর ও সাশ্রয়ী মূল্যে মানসম্মত খাবার সরবরাহের পাশাপাশি ক্যাম্পাসে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও সুন্দর খাবারের পরিবেশ নিশ্চিত করাই নতুন উদ্যমে ক্যান্টিন চালুর অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে ক্যান্টিনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, খাদ্যের মান ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করা এবং ক্যাম্পাসে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে নিয়মিত তদারকির উদ্যোগ নেওয়া হয়েছে। 

চুক্তি অনুযায়ী ‘নাইন্টিন ক্যান্ডেল’ প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি ক্যাম্পাস, ওয়াসা ক্যাম্পাস ও হাজারী লেন ক্যাম্পাসে ক্যান্টিন পরিচালনা করবে। 

আগামী ২৯ আগস্ট থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ক্যান্টিনের কার্যক্রম শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত রান্নাঘর ব্যবহার করে খাবার প্রস্তুত ও সরবরাহ করা হবে। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের চাহিদা অনুযায়ী ‘নাইন্টিন ক্যান্ডেল’-এর তালিকাভুক্ত বিভিন্ন ধরনের খাবার, নাশতা ও পানীয় সরবরাহ করা হবে। ক্যান্টিনে খাবারের পর্যাপ্ত মজুত নিশ্চিত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদিত খাদ্যতালিকা ও মূল্যতালিকা অনুসরণ করা হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আর্কিটেকচার বিভাগের চেয়ারম্যান আর্কিটেক্ট হোসেন মুরাদ, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. আবদুর রহিম, আইন বিভাগের সহকারী অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক স্টিভ অস্কার ডি’ রোজারিও এবং হিসাব কর্মকর্তা মোহাম্মদ ফাহাদ হোসাইন।

‘নাইন্টিন ক্যান্ডেল’ একটি স্বত্বাধিকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী জনাব প্রণয় চৌধুরী। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় শপ নম্বর-২২, ৫ম তলা, বালি আর্কেড, চকবাজার, চট্টগ্রাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত