যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দলকে নিয়ে আগামীকাল শনিবার শান্তি আলোচনা শুরুর প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। সম্ভাব্য এই আলোচনাকে ঘিরে দেশটির রাজধানী ইসলামাবাদে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শুক্রবার (১০এপ্রিল) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়। বৈঠকের মূল এজেন্ডা নিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী মাজিদ তাখত-রাভানচি বলেন, ইরানের ১০ দফা পরিকল্পনাই পাকিস্তানে আসন্ন আলোচনার ভিত্তি হবে।
এদিকে ইসলামাবাদে অনুষ্ঠিতব্য আলোচনায় ইরানে আটক মার্কিন নাগরিকদের মুক্তির দাবি তুলতে পারে যুক্তরাষ্ট্র-এমনটাই জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, আলোচনার অগ্রগতির ওপর নির্ভর করে এই ইস্যুটি কতটা জোরালোভাবে তুলবে ওয়াশিংটন, তা এখনো স্পষ্ট নয়। পরিস্থিতি অনুযায়ী বিষয়টি অগ্রাধিকার তালিকা থেকেও পিছিয়ে যেতে পারে। তবে হোয়াইট হাউস বা ইরানের পক্ষ থেকে এ বিষয়ে কোন মন্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে ইরানের উপরাষ্ট্রমন্ত্রী সাইয়েদ খতিবজাদেহ বলেছেন যুক্তরাষ্ট্রের জাহাজগুলো যতক্ষণ শত্রুতামূলক আচরণ করবে না ততক্ষণ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে।
