লেবাননের রাজধানী বৈরুতে একটি আবাসিক ভবনে ইসরায়েলের বোমা হামলায় এক প্রবাসী বাংলাদেশি নারী নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার লেবাননের বাংলাদেশ দূতাবাস এক শোকবার্তায় জানায়, গত বুধবার বৈরুতের হামরা এলাকায় নিহত হন তিনি।
নিহত দিপালী ফরিদপুরের চরভদ্রাসনের চরশালেপুর ইউনিয়নের চরহাজিগঞ্জ গ্রামের শেখ মোফাজ্জল ও রোজিনা খাতুনের মেয়ে।
দূতাবাস জানায়, দিপালীর মরদেহ বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা আছে। মরদেহের অবস্থা জানতে দূতাবাসের পক্ষ থেকে যোগাযোগ চলছে।
দূতাবাস আরও জানায়, প্রাথমিক তথ্যানুসারে, একই আক্রমণে দিপালীর মালিক (কফিল) ও তার পরিবারের একাধিক সদস্য নিহত হয়েছেন। কফিলের একজন পরিচিত প্রতিবেশীর বরাতে এসব তথ্য জানা গেছে।
দিপালীর মৃত্যতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে লেবাননের বাংলাদেশ দূতাবাস।
