বাংলাদেশসহ ৭৫ দেশে ট্রাম্পের ভিসানীতি বাতিল

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০১:৩০ এএম

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়ার স্থগিত করে ট্রাম্প প্রশাসন যে নীতি গ্রহণ করেছে তা বাতিল করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। গত শুক্রবার নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের বিচারক জ্যানেট ভার্গাস এই রায় দেন। রায়ে বিচারক ভার্গাস লেখেন, নীতিটি ‘স্পষ্টতই বেআইনি’ এবং ফেডারেল অভিবাসন আইনের সঙ্গে সাংঘর্ষিক। আদালত বলেছে, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর আইনগত এখতিয়ারের সীমা ছাড়িয়ে ওই নীতি নেওয়া হয়েছিল।

চলতি বছর জানুয়ারিতে কার্যকর হওয়া এই নীতিতে বাংলাদেশ, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ এবং লাতিন আমেরিকা, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ক্যারিবীয় অঞ্চলের ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা বন্ধ রাখা হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে এই নিষেধাজ্ঞা জারির পক্ষে যুক্তি দিয়ে দাবি করা হয়েছিল যে- তালিকাভুক্ত দেশগুলোর আবেদনকারীরা যুক্তরাষ্ট্রে এসে ‘জনসাধারণের ওপর বোঝা’ হয়ে ওঠার এবং স্থানীয়, রাজ্য ও ফেডারেল সরকারের সম্পদের ওপর নির্ভরশীল হয়ে পড়ার উচ্চঝুঁকিতে রয়েছেন।

সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের নিয়োগ দেওয়া বিচারক ভার্গাস অভিবাসন অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্ক ও আফ্রিকান কমিউনিটিজ টুগেদার, অভিবাসী ভিসার আবেদনকারী এবং নির্ধারিত দেশগুলো থেকে পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে নেওয়ার জন্য আবেদন করা নাগরিকদের করা মামলার পরিপ্রেক্ষিতে এই রায় দেন। বিচারক বলেন, আবেদনকারীর জাতীয়তার ভিত্তিতে অভিবাসী ভিসা দেওয়া বন্ধের এই নীতি বিদ্যমান আইনগত কাঠামোর সরাসরি লঙ্ঘন। যুক্তরাষ্ট্রের আইনে অভিবাসী ভিসার আবেদন প্রক্রিয়ায় কনস্যুলার কর্মকর্তাদের ওপর পররাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা স্পষ্টভাবে সীমিত করা হয়েছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কনস্যুলেটে ভিসার আবেদন যাচাই করে কোনো আবেদনকারীকে ভিসা দেওয়া হবে কি না সে সিদ্ধান্ত নেন সংশ্লিষ্ট ভিসা কর্মকর্তারা। এ রায়ের বিষয়ে মন্তব্য জানতে চাইলে পররাষ্ট্র দপ্তর তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন নিয়ন্ত্রণে ব্যাপক কড়াকড়ি আরোপ করেছেন। তার দাবি, এসব পদক্ষেপের লক্ষ্য, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বাড়ানো। তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে, প্রশাসনের কঠোর অভিবাসন নীতির কারণে মতপ্রকাশের স্বাধীনতা ও যথাযথ আইনি অধিকার ক্ষুণœ হচ্ছে। বিশেষ করে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ জাতিগত পরিচয়ের ভিত্তিতে সন্দেহ বা হয়রানির শিকার হওয়ার বিষয়ে উদ্বেগ জানিয়েছেন।

শর্ত না মানলে শিক্ষার্থী ভিসা বাতিল

ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস দেশটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসার শর্ত মেনে চলার বিষয়ে সতর্ক করেছে। গতকাল শনিবার সামাজিক মাধ্যমে দূতাবাসের এক পোস্টে এ সংক্রান্ত বার্তা দেওয়া হয়। সেখানে বলা হয়, কোনো শিক্ষার্থী পড়াশোনা ছেড়ে দিলে, ক্লাসে অনুপস্থিত থাকলে অথবা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে নিজের অধ্যয়ন কর্মসূচি থেকে সরে দাঁড়ালে তার শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্যতাও হারানোর ঝুঁকি রয়েছে। বার্তায় আরও বলা হয়, সম্ভাব্য জটিলতা এড়াতে সবসময় ভিসার শর্ত মেনে চলুন এবং শিক্ষার্থী হিসেবে নিজের বৈধ অবস্থান বজায় রাখুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত