নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ২৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী কাইল্লা রক্সিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ এর একটি টিম। শুক্রবার (১০ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁওয়ে কেওডালা এলাকায় অভিযান পরিচালনা করে সোনারগাঁও এলাকার ত্রাস ও শীর্ষ সন্ত্রাসী মাহবুবুর রহমান ওরফে কাইল্লা রক্সিকে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারকৃত মাহবুবুর রহমান ওরফে কাইল্লা রক্সি (৩৫) মোগড়াপাড়া ইউনিয়নের দমদমা এলাকার নজরুল ইসলাম নজুর পুত্র।
শনিবার দুপুরে র্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং নথিপত্র পর্যালোচনায় দেখা যায় যে, গ্রেপ্তারকৃত রক্সি দীর্ঘ দিন ধরে সোনারগাঁ ও এর পার্শ্ববর্তী এলাকায় একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনী পরিচালনা করে আসছিলেন। সে এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং পথচারী ও ব্যবসায়ীদের নিকট থেকে নিয়মিত ছিনতাই ও ডাকাতির সাথে জড়িত।
এছাড়া টেকনাফসহ সীমান্ত এলাকা থেকে ইয়াবা ও ফেনসিডিল এনে নারায়ণগঞ্জ ও ঢাকা এলাকায় সরবরাহের শক্তিশালী সিন্ডিকেট পরিচালনা করতো। সাধারণ মানুষের জমি দখল এবং স্থানীয় ব্যবসায়ী ও শিল্পকারখানা থেকে মোটা অংকের চাঁদাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অপহরণ, মুক্তিপণ আদায়, দাঙ্গা-হাঙ্গামা এবং চুরিসহ নানা সমাজবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত সে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সোনারগাঁও, সিদ্ধিরগঞ্জ ও গজারিয়া থানাসহ বিভিন্ন থানায় মোট ২৮ টি মামলার রেকর্ড পাওয়া গিয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে র্যাব-১১ এর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
