হরমুজে হঠাৎ নিখোঁজ যুক্তরাষ্ট্রের কোটি ডলারের ড্রোন!

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০৪:১৩ পিএম

যুদ্ধবিরতির ঘোষণা আসার পরপরই আমেরিকার অত্যাধুনিক গুপ্তচর ড্রোন এমকিউ-৪সি ট্রাইটন হরমুজ প্রণালীর আকাশে উধাও হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্পের গর্বের এই ‘উড়ন্ত চোখ’-টির দাম প্রায় ২০ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ৩০০ কোটি টাকারও বেশি। খবর পেয়ে মার্কিন প্রেসিডেন্ট প্রথমে হতবিহ্বল, পরে ক্ষুব্ধ হয়ে ওঠেন।

বর্তমানে বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক ও ব্যয়বহুল চালকবিহীন নজরদারি ড্রোনগুলোর একটি এটি। এমকিউ-৪সি ট্রাইটন নিজে যুদ্ধ করে না, কিন্তু কে জিতবে-সেই খেলাটা এটাই ঠিক করে দেয়। অন্য যুদ্ধজাহাজ, সাবমেরিন, ফাইটার জেট-সবাই এর চোখ দিয়ে দেখে, এর তথ্য দিয়ে সিদ্ধান্ত নেয়। অর্থাৎ সামনে থেকে লড়াই না করলেও পেছন থেকে পুরো যুদ্ধ চালায় এই ড্রোন।

এ কারণেই এর দাম আকাশছোঁয়া! মজার ব্যাপার হলো, অনেক ক্ষেত্রে একটি ট্রাইটনের দাম যুদ্ধবিমান এফ-৩৫ লাইটনিং-২-এর চেয়েও বেশি! যুদ্ধ করে যার দাম কম, আর যেটি শুধু দেখে-সেটির দাম বেশি!

এর আসল শক্তি প্রযুক্তিতে-৩৬০ ডিগ্রি কভারেজ, ঘণ্টার পর ঘণ্টা আকাশে থাকা, বিশাল সমুদ্রজুড়ে একটানা নজরদারি। এটি ৫০ হাজার ফুটেরও বেশি উচ্চতায় টানা ২৪ ঘণ্টা ওড়ার সক্ষমতা রাখে এবং এর পাল্লা প্রায় ৭ হাজার ৪০০ নটিক্যাল মাইল।

২০২৫ সালের হিসাব অনুযায়ী, মার্কিন নৌবাহিনীর কাছে বর্তমানে ২০টি এ ধরনের ড্রোন রয়েছে এবং আরও সাতটি কেনার পরিকল্পনা রয়েছে। হরমুজ প্রণালীর ওপর কয়েক ঘণ্টার নজরদারি শেষে হঠাৎ করেই ড্রোনটি উধাও হয়ে যায়। কীভাবে হারাল আমেরিকা তার এই উড়ন্ত চোখ-সেই রহস্য এখনো অমীমাংসিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত