ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচাচর গ্রামে ব্রহ্মপুত্র নদের পাড়ে তাবু টানিয়ে বসেছিল জুয়ার আসর। গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুই স্থানে বিশেষ অভিযান চালিয়ে ১৫ জুয়াড়ি ও মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১এপ্রিল) গ্রেপ্তার ১৫ আসামীকে আদালতে সোপর্দ করে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ। এর আগে গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচাচর গ্রামে ব্রহ্মপুত্র পাড়ে অভিযান চালায় পুলিশ। ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজমের নেতৃত্বে ১২ জন জুয়াড়িকে হাতেনাতে ধরে পুলিশ। এসময় জুয়ার আসর জব্দ করা হয় নগদ অর্থ, জুয়ার বোর্ড ও অন্যান্য সরঞ্জাম। এ ছাড়াও একই রাত ১ টা ২০ মিনিটের দিকে ঈশ্বরগঞ্জ ইউনিয়নের খৈরাটি গ্রামে অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ তিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা গেছে, ময়মনসিংহ-৮(ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু উপজেলা থেকে মাদক ও ক্যাসিনো নির্মুলে যোদ্ধা ঘোষণা করেছেন। সংসদ সদস্যের নির্দেশে থানার ওসি রবিউল আজম গত দেড় মাস ধরে মাদক ও ক্যাসিনোর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুযায়ী সাঁড়াশি অভিযান পরিচালনা করছেন। দেড় মাসে এসেছে অভাবনীয় সাফল্য।
এ প্রসঙ্গে ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম বলেন,মাদক ও ক্যাসিনোমুক্ত ঈশ্বরগঞ্জ গড়তে নিয়মত অভিযান পরিচালনা করছে পুলিশ। এরই অংশ হিসেবে গতকাল রাতে পৃথক দুই স্থানে বিশেষ অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১২ জন ও মাদক বিরোধী অভিযানে ৩ জনসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করে জুয়া এবং মাদক মামলা দিয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। জনস্বার্থে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
