মৌচাক ফ্লাইওভার থেকে পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার

আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পিএম

রাজধানীর মৌচাক ফ্লাইওভারের ওপর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীর পুড়ে যাওয়ায় বয়স নির্ধারণ করা সম্ভব হয়নি।

শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে মৌচাক ফ্লাইওভারের জোড়ার মাঝে ফাঁকা জায়গা থেকে মরদেহটি উদ্ধার করে শাহজাহানপুর থানা পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান জানান, শনিবার রাতে ট্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে পোড়া মরদেহটি পাওয়া যায়। সম্পূর্ণ পুড়ে যাওয়ায় পুরুষ নাকি মহিলা সেটিও বুঝা যাচ্ছে না। এমনকি বয়স নির্ধারণ করাও সম্ভব হয়নি।

এসআই আরও জানান, শুক্রবার রাতে মৌচাক ফ্লাইওভারের ওপরে একটি আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নিভিয়ে ফেলে। শনিবার রাতে সিটি করপোরেশনের লোকজন ময়লা পরিষ্কারের কাজ করতে এসে পোড়া মরদেহ দেখতে পায়। এরপর ট্রিপল নাইনে ফোন দেয়। ধারণা করা হচ্ছে, আগুনে পুড়ে মারা গেছে ওই ব্যক্তি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত