লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পিএম

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনার মাঝেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। জানা গেছে ইসরায়েলি বিমান হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর কানায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, এই হামলায় নিহতের পাশাপাশি আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

এনএনএ-এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, টায়ার জেলার অন্যান্য এলাকাতেও পৃথক হামলা চালিয়েছে ইসরায়েল। বিশেষ করে মারাকা নামক স্থানে চালানো হামলায় অন্তত তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনার পরপরই বেসামরিক প্রতিরক্ষা দলের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের চিকিৎসার জন্য পার্শ্ববর্তী টায়ার শহরের হাসপাতালগুলোতে স্থানান্তর করা হয়েছে।

লেবাননের কানা শহরটি ঐতিহাসিকভাবেই ইসরায়েলি হামলার ক্ষত বহন করছে। এর আগে ১৯৯৬ এবং ২০০৬ সালেও শহরটিতে বড় ধরনের গণহত্যার ঘটনা ঘটেছিল, যা লেবাননের মানুষের স্মৃতিতে এখনো অমলিন।  সাম্প্রতিক এই হামলা ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা ও ভীতির সৃষ্টি করেছে।

জানা গেছে লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে। লেবানন কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, গত মাসে ইসরায়েল এবং ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় দুই হাজার ২০ জন নিহত হয়েছে। খবর এএফপির। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া নতুন তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ২৪৮ জন নারী, ১৬৫ জন শিশু এবং ৮৫ জন চিকিৎসা ও জরুরি সেবাকর্মী রয়েছেন। এছাড়া গত ২ মার্চ মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে লেবাননও জড়িয়ে পড়ার পর এখন পর্যন্ত ৬ হাজার ৪৩৬ জন আহত হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইসলামাবাদে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ আলোচনা শেষ পর্যন্ত কোনো সমঝোতা ছাড়াই ভেঙে গেছে। দুই পক্ষই আলোচনায় বসেছিল নিজেদের অবস্থানকে শক্তিশালী দাবি করে, ফলে স্বল্প সময়ে সমাধানে পৌঁছানো শুরু থেকেই কঠিন ছিল। আলোচনা ব্যর্থ হওয়ার পর উভয় দেশই একে অপরকে দায়ী করছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত