টাইমস স্কয়ারে বাঙালির জয়গান

আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৩১ এএম

নিউ ইয়র্কের প্রাণকেন্দ্র টাইমস স্কয়ার শনিবার যেন রূপ নিয়েছিল এক টুকরা বাংলায়। বাংলা নববর্ষ উপলক্ষে এনআরবি ওয়াল্ডওয়াইডের আয়োজনে এবং নিউ ইয়র্ক স্টে সিনেটের উদ্যোগে দিনব্যাপী মহোৎসবে জড়ো হন প্রবাসী বাঙালি, আন্তর্জাতিক অতিথি, কূটনৈতিক প্রতিনিধি, শিল্পী, সাহিত্যিক এবং মূলধারার মার্কিন রাজনৈতিক ব্যক্তিরা। সকাল থেকে রাত পর্যন্ত ২৭টি বর্ণিল পর্বে সাজানো এই উৎসব নিউ ইয়র্কে বাঙালির সাংস্কৃতিক উপস্থিতিকে নতুন উচ্চতায় পৌঁছে দেয়।

উৎসবের সূচনায় মঙ্গল প্রদীপ প্রজ্বালন করেন বিশ্বজিত সাহা, রোকেয়া হায়দার, হোসাইন কবির ও মহিতোষ তালুকদার তাপসসহ বিশিষ্টজনরা। এরপর কথাসাহিত্যিক শামসুদ্দীন আবুল কালামের জন্মশতবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে কার্তিক চন্দ্রের উদ্বোধনী সংগীতে টাইমস স্কয়ার ভরে ওঠে বৈশাখের সুরে।

দিনের প্রথম ভাগে গীতাঞ্জলির সংগীত, শিশুদের একক পরিবেশনা, অ্যালভান চৌধুরীর গান, রঞ্জনীর নৃত্য এবং চিত্রর সুরেলা উপস্থাপনা দর্শকদের মুগ্ধ করে। জীবন চৌধুরীর পরিবেশনায় ‘ময়মনসিংহ গীতিকা’ আন্তর্জাতিক দর্শকের সামনে বাংলার লোক ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরে।

উৎসবে নেপাল, লাওস ও থাই কমিউনিটির শিল্পীরা অংশগ্রহণ করেন। একই সঙ্গে ‘ছয় ঋতু’ পরিবেশনায় বাংলার প্রকৃতি, সময় ও জীবনদর্শনের নান্দনিক উপস্থাপনা দর্শকদের আবেগাপ্লুত করে। মধ্যাহ্নে বিশিষ্ট অতিথি ও গুণীজনদের সম্মাননা পর্বে বিদেশি অতিথি, সাংস্কৃতিক প্রতিনিধি এবং বিভিন্ন কমিউনিটির নেতারা অংশ নেন। পরে রোকেয়া হায়দার ও বিশ্বজিত সাহার অংশগ্রহণে স্মারকগ্রন্থ উন্মোচন অনুষ্ঠান এক ঐতিহাসিক মুহূর্তে রূপ নেয়।

নাটক ‘জ্যোতি সংহিতা’, বর্ণিল মঙ্গল শোভাযাত্রা, সলিল চৌধুরী স্মরণে সংগীত, রহমান টিটোর ‘দ্রোহের গান’, আড্ডা ও সৃষ্টি একাডেমির নৃত্য, শাহ মাহবুবের লোকগান, ওড়িশি ডান্স একাডেমির শাস্ত্রীয় নৃত্য এবং মহানায়ক উত্তম কুমার স্মরণে বিশেষ পরিবেশনা উৎসবকে একের পর এক নতুন মাত্রা দেয়। বিশেষ করে মঙ্গল শোভাযাত্রার সময় টাইমস স্কয়ার যেন ঢাকার চারুকলার এক বর্ণিল প্রতিরূপে পরিণত হয়।

সন্ধ্যার পর শিশুদের ‘শতকণ্ঠে বর্ষবরণ’ এবং পরে সিনিয়র শিল্পীদের সম্মিলিত পরিবেশনা ছিল সেরা আকর্ষণ। সবশেষে কলকাতার ঋতুপর্ণা ব্যানার্জি ও ঢাকার নকুল কুমার বিশ^াসের সমাপনী সংগীতের মধ্য দিয়ে রাত ১০টায় শেষ হয় এই ঐতিহাসিক উৎসব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত