১৩তম সিটি করপোরেশন হতে যাচ্ছে বগুড়া

আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ০৮:০৪ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শিগগিরই অনুষ্ঠিত হবে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) প্রথম সভা। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, ঈদুল আজহার আগেই বসছে গুরুত্বপূর্ণ এ বৈঠক। বৈঠকে বগুড়া সিটি করপোরেশন গঠনের সিদ্ধান্ত আসবে তা অনেকটাই নিশ্চিত। আর এ সিদ্ধান্ত বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের ১৩তম সিটি করপোরেশন হবে বগুড়া ।

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা দেশ রূপান্তরকে জানিয়েছেন, বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রশাসনিক প্রক্রিয়া শেষ হয়েছে। গতকাল রবিবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে প্রাক-নিকার সচিব কমিটির সভা হয়েছে। সভায় স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে বগুড়া সিটি করপোরেশন গঠন সংক্রান্ত প্রস্তাবটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। সভায় সিদ্ধান্ত হয়, নিকারের পরবর্তী সভায় বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রস্তাব উত্থাপন করা হবে। প্রক্রিয়াগতভাবে নিকারের সভায় উপস্থাপনের আগে প্রাক-নিকার সচিব কমিটির অনুমোদন বাধ্যতামূলক। সর্বশেষ সভায় এ অনুমোদনের ফলে বগুড়াকে দেশের নতুন সিটি করপোরেশন হিসেবে ঘোষণার পথ আরও এক ধাপ এগিয়েছে।

স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা দেশ রূপান্তরকে জানিয়েছেন, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) প্রতিষ্ঠা বিধিমালা, ২০১০ অনুযায়ী একটি পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করতে নির্দিষ্ট কিছু মানদ- পূরণ করতে হয়। সংশ্লিষ্ট নথিপত্র বিশ্লেষণ করে দেখা গেছে, বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রয়েজনীয় শর্ত প্রায় সবই পূরণ হয়েছে।’

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাক-নিকার সচিব সভার সর্বশেষ বৈঠকে ৮টি বিষয় নিয়ে আলোচনা করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাংগঠনিক কাঠামোভুক্ত কাফরুল থানা, ক্যান্টনমেন্ট থানা, তেজগাঁও থানা, ভাসানটেক থানা ও শেরে বাংলানগর থানার অধিক্ষেত্র পুনর্নির্ধারণ বিষয়ের উত্থাপন করা হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে তোলা হয় বগুড়া সিটি করপোরেশন প্রতিষ্ঠা, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ৭টি ইউনিয়নের সমন্বয়ে ‘মাতামুহুরী’ নামে নতুন উপজেলা গঠন, বগুড়া জেলার ‘শিবগঞ্জ’কে বিভক্ত করে ‘মোকামতলা’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলাকে বিভক্ত করে ‘রুহিয়া’  ও ‘ভূল্লী’ নামক নতুন ২টি উপজেলা গঠন, লক্ষ্মীপুর জেলার সদর উপজেলাকে বিভক্ত করে ‘চন্দ্রগঞ্জ’ নামে নতুন উপজেলা গঠনের বিষয়। এ ছাড়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিদ্যমান শ্রম অধিদপ্তরের কাজের পরিধি ও সাংগঠনিক কাঠামোতে জনবল বৃদ্ধি করে ‘শ্রম ও কর্মসংস্থান অধিদপ্তর’ গঠন করার প্রস্তাব বিষয়ে আলোচনা হয়েছে।

অন্তর্বর্তী সরকারের শেষ সময় সাভার সিটি করপোরেশন গঠন বিষয়ে ব্যাপক আলোচনা হয়। তৎকালীন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক স্ট্যাটাসে জানান, দেশের ১৩তম সিটি করপোরেশন হচ্ছে সাভার সিটি। এ ছাড়া আওয়ামী লীগ সরকারের সময়ে কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার বিষয়টি প্রায় চূড়ান্ত হয়েছিল। সেসব এখন আর আলোচনার টেবিলে নেই।

এর আগে অন্তর্বর্তী সরকারের গঠন করা জনপ্রশাসন সংস্কার কমিশন দেশে দুটি বিভাগ প্রতিষ্ঠার সুপারিশ করেছে। কমিশনের সেই প্রস্তাবে বলা হয়েছে, দেশের বিদ্যমান এককেন্দ্রিক শাসনব্যবস্থায় যে বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগ রয়েছে, তার কাঠামোগত সংস্কার প্রয়োজন। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করে প্রাদেশিক শাসনব্যবস্থা চালু, রাজধানীকে নিয়ে মহানগরীয় সরকার গঠন, দুটি নতুন বিভাগ সৃষ্টি, জেলা পরিষদ বাতিল, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন।

বগুড়া পৌর এলাকাকে সিটি করপোরেশন করার পক্ষে কিছু যুক্তি তুলে ধরেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তাদের তথ্যমতে, জনসংখ্যার দিক থেকে বগুড়া অনেক আগেই নির্ধারিত সীমা অতিক্রম করেছে। ২০২২ সালের জনশুমারি অনুযায়ী স্থায়ী জনসংখ্যা ৪ লাখ ২২ হাজার ৯০০ হলেও বাস্তবে এখানে প্রায় ১০ লাখ মানুষের বসবাস। জনঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ৬ হাজারের বেশি, যা নির্ধারিত মানদ-ের দ্বিগুণের বেশি। অর্থনৈতিক সক্ষমতার দিক থেকে বগুড়া এগিয়ে। ২০২৩-২৪ অর্থবছরে পৌরসভার স্থানীয় আয় প্রায় ৪৫ কোটি টাকা এবং মোট আয় প্রায় ৬০ কোটি টাকা, যা বিধিমালার নির্ধারিত সীমার অনেক ওপরে। শিল্প ও বাণিজ্যিক গুরুত্বের দিক থেকে বগুড়া একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে সিরামিক, ফাউন্ড্রি, লাইট ইঞ্জিনিয়ারিং, ওষুধ, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাত শিল্পসহ প্রায় ২০ হাজার ছোট-বড় শিল্প প্রতিষ্ঠান রয়েছে। বিসিক শিল্প নগরীসহ বিভিন্ন শিল্পাঞ্চল শহরটির অর্থনৈতিক গুরুত্ব বাড়িয়েছে। বগুড়ার অবকাঠামোগত উন্নয়ন সিটি করপোরেশন হওয়ার পক্ষে বড় যুক্তি হিসেবে তুলে বলা হচ্ছে শহরে মহাসড়ক, রেললাইন, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, বর্জ্য ব্যবস্থাপনা, বিদ্যুৎ সরবরাহসহ প্রয়োজনীয় নাগরিক সুবিধার বিস্তৃতি রয়েছে। ৬৬ দশমিক ৭৯ বর্গকিলোমিটার আয়তনের এ পৌর এলাকায় ভবিষ্যৎ সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি এ প্রস্তাবের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রস্তাব অনুযায়ী, বগুড়া সদর ও শাহজাহানপুর উপজেলার কয়েকটি ইউনিয়ন যুক্ত করে সিটি করপোরেশনের সীমানা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে মৌজা, জেএল নম্বর ও স্কেচ ম্যাপসহ বিস্তারিত তফসিল প্রস্তুত করা হয়েছে। দেশে বর্তমানে ১২টি সিটি করপোরেশন রয়েছে। বগুড়া সিটি করপোরেশন বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের নগরায়ণে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত