গাইবান্ধার সুন্দরগঞ্জে বিজ্ঞাপন ও প্রযুক্তি মেলায় অংশ নেওয়া নারী শিক্ষার্থীদের ফোন নাম্বার ও ফেসবুক আইডি না পেয়ে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দোষীদের বিচার ও শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন পালন করেছে শিক্ষার্থীরা।
সোমবার (১৩ এপ্রিল) দুপরে উপজেলার বামনডাঙ্গা ডাক বাংলো মোড়ে শিশু নিকেতন এন্ড মডেল হাইস্কুলের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ওই বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী ছাড়াও শিক্ষক-কর্মচারী ও ভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি শিক্ষামূলক মেলায় অংশ নিতে গিয়ে নারী শিক্ষার্থীদের এমন ন্যাক্কারজনক হামলার শিকার হওয়া অত্যন্ত লজ্জাজনক ও উদ্বেগজনক ঘটনা। তারা বলেন, মেয়েরা ফোন নাম্বার ও সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি দিতে অস্বীকৃতি জানানোয় তাদের ওপর হামলা চালানো হয়েছে। যা নারীর নিরাপত্তা ও মর্যাদার জন্য বড় হুমকি। এ ধরনের ঘটনা সমাজে ভয় ও নিরাপত্তাহীনতা তৈরি করছে।
বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট প্রশাসনের দায়িত্ব। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় ভবিষ্যতে এ ধরনের অপরাধ আরও বেড়ে যেতে পারে। তারা শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে নিরাপত্তা জোরদারেরও দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ছামিউল ইসলাম, বামনডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর শফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এম এ গফফার মোল্লা, অধ্যক্ষ আবুল কাশেম, শিক্ষক ইনজামাম আজম, পরিচালক নুর এ আলম, আমানুল্লাহ আমান ও আহত শিক্ষার্থী আলফি আক্তার প্রমূখ।
উল্লেখ্য, গত ১২ এপ্রিল সন্ধ্যায় উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশ নেয় বামনডাঙ্গা শিশু নিকেতন অ্যান্ড মডেল হাইস্কুল। মেলায় অংশগ্রহণ করে সুন্দরগঞ্জ আবদুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও। কিন্তু মেলা চলাকালে বামনডাঙ্গা শিশু নিকেতনের কয়েকজন নারী শিক্ষার্থীর কাছে সরকারি বয়েজ স্কুলের কয়েকজন শিক্ষার্থী ফোন নম্বর ও ফেসবুক আইডি চায়। শিক্ষার্থীরা তা দিতে অস্বীকৃতি জানালে সমাপনী অনুষ্ঠান শেষে ফেরার পথে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়।ছবি
