নারায়ণগঞ্জ শহরে সম্মিলিত হকার উচ্ছেদ অভিযান

আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ পিএম

নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন প্রধান সড়কের ফুটপাতে সম্মিলিতভাবে হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন ও সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এর আগে গত কয়েকদিন থেকেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শহরের হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করার ঘোষণা দেয়া হয়। সেই সাথে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে দফায় দফায় সভা করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।

তারই ধারাবাহিকতায় এদিন বিকেলে শহরের চাষাঢ়া এলাকার জিয়া হলের সামনে সকল শ্রেণি পেশার মানুষজন একত্রিত হন। সেই সাথে সকলের অংশগ্রহণে একটি সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে শহরের বিভিন্ন সড়কের ফুটপাতে হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বী, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারী ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন, খেলাফত মজলিস মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ ও গণসংহতি জেলা সমন্বয়কারী তরিকুল সুজন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

হকার উচ্ছেদ প্রসঙ্গে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আমরা নারায়ণগঞ্জে হকার দেখতে চাই না। আমরা একসময় দেখেছি মালামাল হাতে নিয়ে হকারি করেছে। আর এখন ফুটপাত সড়ক দখল করে হকারি করে। মানুষ ফুটপাত দিয়ে হাঁটতে পারে না। যানবাহন চলতে পারে না। আমরা নারায়ণগঞ্জে এই অরাজকতা দেখতে চাই না। হকার উচ্ছেদ অভিযানে সর্বস্তরের জনগণ নেমে এসেছে। আমরা সকলে মিলে সুন্দর নারায়ণগঞ্জ গড়তে চাই। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত