পাবনার ঈশ্বরদীর প্রত্যন্ত চরাঞ্চল চরগড়গড়িতে অনুষ্ঠিত হয়েছে ‘চরনিকেতন বৈশাখী সাহিত্য উৎসব’, যেখানে দুই বাংলার সাহিত্যিক, কবি ও আবৃত্তি শিল্পীদের মিলনমেলায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
বুধবর (১৫ এপ্রিল) বাঙালির আবহমান সংস্কৃতি ও লোকসাহিত্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আয়োজন করা হয় দিনব্যাপী এই উৎসব।
কবি মজিদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য রাখেন পাবনা জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার, কবি মানিক পন্ডিত, নজরুল গবেষক আনোয়ারুল হকসহ বাংলাদেশ ও ভারতের বিশিষ্ট লেখক-কবিরা।
বক্তারা বলেন, বাঙালির সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে লোকগান, কাব্য ও সাহিত্যের চর্চা বাড়াতে সরকারি ও বেসরকারি উদ্যোগ জরুরি। তারা ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে সামাজিক সম্প্রীতি নষ্টের অপচেষ্টার বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে চরনিকেতন বৌটুবানি পাঠশালার শিশু শিল্পীরা দলীয় সংগীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে। পরে আগত কবিরা স্বরচিত কবিতা আবৃত্তি করেন, যা উৎসবে ভিন্নমাত্রা যোগ করে।
আয়োজকরা জানান, ঈশ্বরদীর চরগড়গড়ি গ্রামে গত ২৭ বছর ধরে ‘চরনিকেতন’ বাংলা সাহিত্য গবেষণা ও প্রসারে কাজ করে যাচ্ছে। শিল্প-সাহিত্যের আলোয় নতুন প্রজন্মকে আলোকিত করতে প্রতিবছর বৈশাখ মাসে এ সাহিত্য উৎসবের আয়োজন করা হয়।
বিক্ষোভে উত্তাল মণিপুর, কারফিউ জারি