ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নো ফুয়েল কার্ড, নো পেট্রোল-অকটেন’ নীতি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। আজ (বুধবার,১৫ এপ্রিল) থেকে এ নীতি কার্যকর করা হয়েছে।
এর আগে গত (১৩ এপ্রিল) ময়মনসিংহ জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ঈশ্বরগঞ্জ উপজেলার বৈধ কাগজপত্রধারীদের ফুয়েল কার্ডের জন্য আবদনের আহবান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান।
আবেদনকারীদের কাগজপত্র যাচাই-বাছাই করে আজ (১৫ এপ্রিল) বিকালে উপজেলা পরিষদের হলরুমে ৩৫৭ জন বৈধ আবেদনকারীর মাঝে আনুষ্ঠানিকভাবে ফুয়েল কার্ড বিতরণ করেন ইউএনও সানজিদা রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা ও ভূঁইয়া ফিলিং স্টেশনের কর্তব্যরত ট্যাগ অফিসার মো. শামীম আহমেদ, ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক রুহুল আমীন রিপন, যুগ্মসাধারণ সম্পাদক মো. এহছানুল হক প্রমুখ।
ইউএনওর কার্যালয় সূত্রে জানা গেছে, যানবাহনের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখে ফুয়েল কার্ড প্রদান করা হচ্ছে। জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির নিবন্ধনের এক সেট ফটোকপি ও একটি পাসপোর্ট আকারের ছবি জমা দিলে তারা একটি ফুয়েল কার্ড পাবেন। সূত্রটি আরও জানায়, ফুয়েল কার্ড ব্যতীত কাউকে তেল দেওয়া হবে না।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান বলেন, পেট্রোল ও অকটেনের সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে গাড়ির মালিক-চালকদের জন্য ফুয়েল কার্ড চালু করা হয়েছে। এ পর্যন্ত সাড়ে ৫ শতাধিক আবেদন জমা পড়েছে। তাদের মধ্য থেকে যাচাই-বাছাই শেষে প্রথম দিনে ৩৫৭ জন বৈধ কাগজপত্রধারী গ্রাহকের মাঝে ফুয়েল কার্ড ও তেল বিতরণ করা হয়েছে। বাকীদের মাঝে আগামীকাল ফুয়েল কার্ড বিতরণ করা হবে। ইউএনও বৈধ কাগজপত্রধারীদের দ্রুত আবেদনের আহ্বান জানান।
