ভারতে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১৯

আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ এএম

ভারতের মধ্যাঞ্চলে একটি বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণে ১৯ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও ১৭ জন। গতকাল বুধবার পুলিশের এক কর্মকর্তা এ তথ্য জানান। গত মঙ্গলবার ছত্তিশগড় রাজ্যের শক্তি জেলায় বেদান্ত লিমিটেড পরিচালিত একটি স্থাপনায় এ বিস্ফোরণ ঘটে।

প্রতিষ্ঠানটি লন্ডনে তালিকাভুক্ত বেদান্ত রিসোর্সের সহযোগী। জেলার পুলিশ প্রধান প্রফুল ঠাকুরের বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে মৃতের সংখ্যা ১৯ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত ১৭ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভারতীয় সংবাদপত্র ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, একটি পাইপলাইন ফেটে যাওয়ায় এ বিস্ফোরণটি ঘটতে পারে। এতে অতিরিক্ত উত্তপ্ত বাষ্প ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের সময় অনেকেই দুপুরের খাবার খাচ্ছিলেন।

বেদান্ত রিসোর্সের চেয়ারম্যান অনিল আগরওয়াল এ ঘটনাকে ‘অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা’ বলে অভিহিত করেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘ঘটনাটি তদন্তে উচ্চ পর্যায়ের অনুসন্ধান শুরু হয়েছে। ঘটনার মূল কারণ উদঘাটনে কোনো ত্রুটি রাখা হবে না।’

রাজ্য প্রশাসনও আলাদা তদন্ত শুরু করেছে। ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই।

ভারতে শিল্প দুর্ঘটনা প্রায়ই ঘটে। দেশটিতে নিরাপত্তা বিধি মানার ক্ষেত্রে যথাযথভাবে এর অনুসরণ না করা ও দুর্বল তদারকিকে এর কারণ হিসেবে দেখা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত