কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৭

আপডেট : ২১ আগস্ট ২০২৬, ০৮:২২ এএম

কেনিয়ার মধ্যাঞ্চলে পর্যটকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দা প্রধানসহ সাতজন নিহত হয়েছেন। কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটি (কেসিএএ) জানিয়েছে, বুধবার সকালে রাজধানী নাইরোবির উত্তরে সামবুরু কাউন্টিতে দুর্ঘটনাটি ঘটে। হেলিকপ্টারটি লইসাবা বন্যপ্রাণী সংরক্ষণ এলাকা থেকে উড্ডয়ন করেছিল। এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (এএআইডি) পরিচালক ফ্রেডরিক কাবুঙ্গে এএফপিকে বলেন, হেলিকপ্টারটিতে একজন পাইলট ও ছয়জন যাত্রী ছিলেন।

ইকুয়েডরের পরিবহনমন্ত্রী রবার্তো লুক জানিয়েছেন, নিহতদের মধ্যে দেশটির গোয়েন্দাপ্রধান মিশেল সেনসি-কন্টুগি ও তার স্ত্রীও রয়েছেন। ৪২ বছর বয়সী সেনসি-কন্টুগি একজন সাবেক ব্যবসায়ী ছিলেন, যিনি ২০২৪ সালে ইকুয়েডরের জাতীয় গোয়েন্দা সেন্টারের প্রধান হিসেবে নিযুক্ত হন। তিনি ইকুয়েডরের ডানপন্থি প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়ার অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরও দুর্ঘটনায় পাঁচজন নাগরিক নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে, তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। কেসিএএ জানিয়েছে, এ বিষয়ে তদন্ত চলছে। উল্লেখ্য, এর আগে মার্চে কেনিয়ার পশ্চিমাঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক সংসদ সদস্যসহ ছয়জন নিহত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত