হবিগঞ্জের মাধবপুরের উত্তর শাহপুর এলাকায় একটি মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে প্রতিমাগুলো ভেঙে ফেলে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম এবং মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, চুরির উদ্দেশ্যে দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে ব্যর্থ হয়ে এ ভাঙচুর চালিয়ে থাকতে পারে।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মানবাধিকার কর্মী রাকেশ রায়। তিনি দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
মাধবপুর থানার ওসি মো. সোহেল রানা জানান, ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।
