ভারত শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২০ এএম

বাংলাদেশ সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য যে অনুরোধ করেছে, ভারত তা খতিয়ে দেখছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল দিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা জানান।

জয়সওয়াল গতকাল শুক্রবারের ব্রিফিংয়ে বলেন, বাংলাদেশে চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আসা এই অনুরোধটি বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে ভারত সব অংশীজনের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে।

গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে চলে যান। সর্বশেষ তথ্য অনুযায়ী, শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের একটি বড় অংশ দিল্লিতে অবস্থান করছেন।

২০২৪ সালের জুলাই-আগস্টে সরকারবিরোধী আন্দোলন দমনের সময় মানবতাবিরোধী মারাত্মক অপরাধ সংঘটনের অভিযোগে দায়ের হওয়া মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদ- দিয়েছে।

মুখপাত্র জয়সওয়াল বলেন, ‘আমরা বাংলাদেশের সমস্ত ঘটনাপ্রবাহ খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। পররাষ্ট্রমন্ত্রী (এস জয়শঙ্কর) বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করার এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেছেন।’

জয়সওয়াল বলেন, উভয় পক্ষই বর্তমান দ্বিপাক্ষিক ব্যবস্থার মাধ্যমে দুই দেশের অংশীদারত্বকে আরও গভীর করার প্রস্তাবগুলো খতিয়ে দেখতে সম্মত হয়েছে।

পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়গুলো নিয়ে দুই দেশের মধ্যে কথা হচ্ছে, এমনটি জানিয়ে তিনি আশা প্রকাশ করেন যে, উভয় পক্ষের বিস্তারিত মতামত ও অবস্থান জানতে শিগগিরই একটি আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত