নীলফামারীর সৈয়দপুরে একটি রোগী বহনকারী অ্যাম্বুলেন্স ও কাভার্ড ভ্যানে জ্বালানি তেল পাচারের সময়ে দুইটি গাড়ি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে সাতজনকে আটক করে অর্থদণ্ডের পাশাপাশি কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলার সৈয়দপুর শহরের বাইপাস সড়কের মেসার্স রোকেয়া ফিলিং স্টেশনে শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টার দিকে এঅভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো সাব্বির হোসেন। এতে সহায়তা করেন সৈয়দপুর থানা পুলিশের একটি দল।
দণ্ডপ্রাপ্তরা হলেন সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়া এলাকার মো. রফিকুল ইসলাম (২৬), একই এলাকার মো. সেরাজ (২৫), হাতিখানা এলাকার মঈনুদ্দীন (৪৮), সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকার জাহাঙ্গীর (৩৫), সাগর (৩৫), মিস শেখ (২৪) ও ঠাকুরগাঁওয়ের সিরাজ (২৮)।
এদের মধ্যে রফিকুল ইসলামকে ২ লাখ টাকা অর্থদণ্ড ও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং বাকি ছয়জনের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও তিনদিন করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া আটক একজন এসএসসি পরীক্ষার্থী হওয়ায় অর্থদণ্ডের পর সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.সাব্বির হোসেন বলেন, অবৈধভাবে জ্বালানি তেল পাচারের দায়ে সাতজনকে আটক করে জরিমানা ও কারাদণ্ড দেওয়াসহ দুটি গাড়ি জ্বালানি তেল জব্দ করা হয়েছে। সেখানে আনুমানিক তিন হাজার লিটার অকটেন রয়েছে, রাতেই পার্শ্ববর্তী দুইটি পাম্পে পরিমাপ করে জনসাধারণের মাঝে বিতরণ করা হয়েছে।
অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, পরিবহন ও বাজারজাতকরণের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে জানান তিনি।
