কখন ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০১:০২ এএম

  ব্রিগেডিয়ার জেনারেল ডা. নাসির উদ্দিন আহমদ

অ্যাডভাইজার স্পেশালিস্ট মেডিসিন (এন্ডোক্রাইনোলজি),

সিএমএইচ, ঢাকা। চেম্বার : ইবনে সিনা, মিরপুর।

শরীরের জন্য ক্যালসিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। হাড় ও দাঁতের গঠনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্যালসিয়ামের পরিমাণ কমে গেলে শরীরে বিশেষত পায়ে এবং পিঠে কামড়ানো ব্যথা হয়। হাড় এবং দাঁতের ক্ষয় শুরু হয়। এর অভাবে চুল, ত্বক খসখসে হয়ে যায়। ত্বকের লাবণ্য, চুলের লাস্যময়তা কমে যায়। নখে ফাটল সৃষ্টি হয়। দীর্ঘদিন ক্যালসিয়ামের অভাবে স্নায়বিক জটিলতা তৈরি হতে পারে। তীব্রমাত্রায় ক্যালসিয়ামের অভাবে অনেক সময় হাত-পা কুঁকড়ে আসে। এটাকে বলে টিটেনি। ক্যালসিয়ামের অভাবে একজন শিশু তার কাক্সিক্ষত উচ্চতায় পৌঁছাতে পারে না।

বয়স ভেদে ক্যালসিয়ামের চাহিদা ভিন্ন। একজন পূর্ণবয়স্ক পুরুষ কিংবা মহিলার দৈনন্দিন ক্যালসিয়ামের চাহিদা ১০০০ মি. গ্রাম। ১২ থেকে ১৮ বছর বয়সের সময় ক্যালসিয়ামের চাহিদা সবচেয়ে বেশি থাকে। এ সময় দৈনিক চাহিদার পরিমাণ প্রায় ১৩০০ মি. গ্রাম। দৈহিক বৃদ্ধি এবং হাড়ের গঠনের জন্য ক্যালসিয়ামের জোগান এ বয়সে খুবই গুরুত্বপূর্ণ। এ সময় মজবুত হাড় গঠিত না হলে প্রৌঢ় বয়সে হাড় ক্ষয়ের সম্ভাবনা অনেক বেড়ে যায়। সে জন্য এই বয়সে খাদ্য তালিকায় পর্যাপ্ত ক্যালসিয়ামের সরবরাহ থাকা জরুরি।

গর্ভকালে এবং দুগ্ধ দানকারী মায়েদেরও ক্যালসিয়ামের প্রয়োজন বেশি। ৫১ থেকে ৭০ বছর বয়সের মহিলাদের ক্যালসিয়ামের চাহিদা বেশি। এ সময় ক্যালসিয়ামের চাহিদা দৈনিক ১২০০ মি. গ্রাম। এই বয়সে মহিলাদের ইস্ট্রোজেন নামক নারী-হরমোন কমে যায়। এর অভাবে হাড় ক্ষয়ের ইঞ্জিন সক্রিয় হয়ে ওঠে। অনেকের হাড় সামান্য আঘাতে ভেঙে যায়। অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় ঠেকাতে জীবনের এই পর্যায়ে ক্যালসিয়াম এবং ভিটামিন-ডি খুবই গুরুত্বপূর্ণ। রজঃনিষ্কৃতির পর এ জন্য খাদ্যে ক্যালসিয়ামের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শরীরে যাতে ক্যালসিয়ামের ঘাটতি না হয় সে জন্য খাদ্যের মধ্যে সার্বক্ষণিক ক্যালসিয়ামের জোগান থাকা প্রয়োজন। ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্যের উৎস হচ্ছে দুগ্ধ এবং দুগ্ধজাত খাবার, পনির, দধি, সবুজ শাকসবজি, কাজুবাদাম, ফল, চিয়াসিড, কাঁটাযুক্ত ছোট মাছ। খাদ্যের মাধ্যমে ঘাটতি পূরণ করা না গেলে অনেক সময় ওষুধ হিসেবে ক্যালসিয়াম দেওয়া প্রয়োজন পড়ে। এসব ক্যালসিয়ামের সঙ্গে সাধারণত ভিটামিন-ডি সংযুক্ত থাকে। ভিটামিন-ডি এটি শোষণে সহায়তা করে। আপনার ক্যালসিয়ামে ভিটামিন-ডি আছে কি না জেনে নিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত