সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি ও জাতীয় পতাকা অবমাননার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ইউট্যাব ও জিয়া পরিষদ।
শনিবার (১৮ এপ্রিল) সংগঠন ২টির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পৃথক দুই বিবৃতিতে ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানায়।
বিবৃতি সূত্রে, গত ১৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে কতিপয় ছাত্র সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও জাতীয় পতাকার ছবি সম্বলিত বিভিন্ন ব্যানার ছিঁড়ে পদদলিত করে। এই অবমাননাকর ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠন দুইটি।
বিবৃতিতে বলা হয়, জাতীয় পতাকা আমাদের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আত্মমর্যাদার প্রতীক। একইসঙ্গে দেশের একজন সাবেক প্রধানমন্ত্রীর ছবি অবমাননা করা শুধু ব্যক্তির প্রতি নয়, বরং রাষ্ট্রের গণতান্ত্রিক মূল্যবোধ ও রাজনৈতিক সংস্কৃতির ওপর আঘাত। এ ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তারা আরও বলেন, যারা এ ধরনের ঘৃণ্য কাজে জড়িত, তারা প্রকৃত ছাত্র হতে পারে না। তারা উদ্দেশ্যপ্রণোদিত উত্তেজনা সৃষ্টির মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টি এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টায় লিপ্ত। অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, গত বুধবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নিহত আসমা সাদিয়া রুনা হত্যার বিচারের দাবিতে প্রশাসন ভবনে অবস্থানকালে বেশ কয়েকটি ব্যানার ছিঁড়ে ফেলে। তার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যানার ছিল।
ঢাকার যেসব এলাকার মার্কেট আজ বন্ধ