রাঙ্গুনিয়ায় পুলিশের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ১০:২৭ পিএম

মাদক ও ইভটিজিং প্রতিরোধে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের উদ্যোগে একটি বিশাল সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দুপুরে রাঙ্গুনিয়া পৌরসভার দক্ষিণ ঘাটচেক এলাকা থেকে শুরু হয়ে র‍্যালিটি গুরুত্বপূর্ণ কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন অপরাধীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি মাদক নির্মূলে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আপনারা ঐক্যবদ্ধ হলে সমাজে কোনো অপরাধী মাথা তুলে দাঁড়াতে পারবে না। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রীর ঘোষণানুযায়ী সমাজে মাদক সেবন ও বিক্রির কোনো সুযোগ নেই।”

ইভটিজিং রোধে স্থানীয়দের সচেতন হওয়ার তাগিদ দিয়ে ওসি জহির উদ্দিন আরও বলেন, “স্কুলগামী কোমলমতি শিক্ষার্থীদের কেউ হয়রানি করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। যেখানেই ইভটিজিং হবে, সেখানেই আপনাদের প্রতিবাদে সোচ্চার হতে হবে। রাঙ্গুনিয়ায় কোনো ইভটিজার বা মাদকসেবীর স্থান নেই; যারা এসবের সাথে জড়িত এটিই তাদের জন্য প্রথম এবং শেষ সতর্কবার্তা।”

সমাবেশে বক্তব্য দেন উত্তরজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ভিপি আনছুর উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন ঘাটচেক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জসিম উদ্দিন, সিনিয়র শিক্ষক মুবিনুল ইসলাম, শহিদুল ইসলাম সাজু, জামাল উদ্দিন, উত্তরজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাহনিয়াজ মোরশেদ তোহা, উপজেলা জিসাস এর সভাপতি শহিদুল ইসলাম সোহেল, নেজাম উদ্দিন প্রমুখ।

জনসচেতনতামূলক এই র‍্যালি ও সমাবেশে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, স্কুলের শিক্ষার্থী, অভিভাবক এবং নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত