ফরিদপুর শহরের মাটিবাহী লরির ধাক্কায় উপাসনা ঘোষ নামে মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এঘটনায় মোটরসাইকেল চালক আকাশ গুরুতর আহত হন। রবিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে শহরের মেরিন ইন্সটিটিউটের সামনে সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত উপাসনা ঘোষ (২২) ফরিদপুর শহরের ঝিলটুলি এলাকার উত্তম ঘোষের মেয়ে ও স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী।
আহত আকাশ (২৮) বোয়ালমারী উপজেলার রুপাপাত এলাকার বিধান সরকারের ছেলে।
ফরিদপুর পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) কর্মরত মোহাম্মদ নাসির জানান, আকাশ মোটরসাইকেল যোগে উপাসনা ঘোষকে নিয়ে টেপাখোলা রিয়ো পেট্রলপাম্প থেকে জ্বালানি নিয়ে বেরিবাঁধ দিয়ে শহরের দিকে যাচ্ছিলেন। পথে মেরিন ইন্সটিটিউটের সামনে পৌঁছে মাটিবাহী একটি লরি ওভারটেক করার চেষ্টা বরে ব্যর্থ হয়। এ সময় মোটরসাইকেলটি লরির পেছনে ধাক্কা লেগে তারা দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উপাসনা ঘোষকে মৃত ঘোষণা করেন। আহত মোটরসাইকেল চালক আকাশ হাসপাতালে ভর্তি হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লরি ও চালকের সহকারী হোসেন মোল্লাকে তাদের হেফাজতে নেয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।