চট্টগ্রাম থেকে চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইট রবিবার (১৯এপ্রিল) শুরু হয়েছে। ৩৭১ হজ যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৫ ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে জেদ্দার উদ্দেশ্যে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। চট্টগ্রাম থেকে হজ ফ্লাইট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর।
এছাড়া শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন শাখার কর্মকর্তা, বিমান বাংলাদেশ এয়ারলাইনস স্টেশন ব্যবস্থাপকসহ অন্য কর্মকর্তা, হাব এবং আটাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চট্টগ্রাম জেলা ব্যবস্থাপক আল মামুন ফারুক ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন হজের সুষ্ঠু ব্যবস্থাপনায় বিভিন্ন উদ্যোগের জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রতি সন্তোষ প্রকাশ করেন। এসময় তিনি এ বিমানবন্দরের টার্মিনালের প্রয়োজনীয় সম্প্রসারণের বিষয়ে সরকারের ইতিবাচক আগ্রহের কথা জানান।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর জানান, এ বছর হাজীদের হজ যাত্রাকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে বিমানবন্দরের পক্ষ থেকে একটি উচ্চ পর্যায়ের হজ ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটি সম্মানীত হাজীদের অত্র বিমানবন্দরে প্রবেশের শুরু থেকে বিমানে আরোহন পর্যন্ত সকল ধাপে সরাসরি তদারকি করবেন এবং এক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ অন্য অংশীজনদের সাথে সমন্বয়ের মাধ্যমে হাজীদের জন্য সার্বিক সেবা দেবেন। তিনি বলেন, চট্টগ্রাম বিমানবন্দরে ঢাকার মতো কোন হজ ক্যাম্প না থাকায় বিমানবন্দরের কেন্দ্রীয় মসজিদ চত্বরে একটি বৃষ্টির পানি রোধক অস্থায়ী ক্যাম্প করে দেওয়া হয়েছে। সেখানে হাজীদের জন্য বসার সুব্যবস্থা, সুপেয় পানির ব্যবস্থা, পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা রাখা হয়েছে। অসুস্থ হাজীদের চিকিৎসার জন্য সার্বক্ষণিকভাবে থাকবেন বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তা।
পরে প্রধান অতিথি বিমানে আরোহনকৃত হজ্ব যাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সকলে যেন পবিত্র হজ্জ সুন্দরভাবে সম্পন্ন করে সুস্থতার সাথে দেশে প্রত্যাবর্তন করেন তার আশাবাদ ব্যক্ত করেন। প্রসঙ্গতঃ এ বছর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সর্বমোট ১৬ টি ফ্লাইটে প্রায় ৬০০০ যাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাত্রা করবেন। সর্বশেষ হজ ফ্লাইট আগামী ২০ মে এই বিমানবন্দর থেকে ছেড়ে যাবে।
