যে কারণে ভেস্তে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি সংলাপ

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ এএম

পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিতব্য ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পরবর্তী দফার আলোচনায় অংশ নেওয়ার কোনো পরিকল্পনা বর্তমানে তেহরানের নেই। রবিবার (২০ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, বর্তমান পরিস্থিতিতে এই আলোচনা এগিয়ে নেওয়ার কোনো যৌক্তিক কারণ ইরান দেখছে না।

এর আগে, ইরানের ফার্স ও তাসনিম সংবাদ সংস্থা নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে। সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, বর্তমান সামগ্রিক পরিস্থিতি আলোচনার জন্য মোটেও ইতিবাচক নয়। তেহরানের পক্ষ থেকে স্পষ্ট শর্ত দেওয়া হয়েছে যে, যেকোনো ধরনের সংলাপে বসার আগে ইরানের ওপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহার করতে হবে।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে আর মাত্র দুই দিন বাকি। ঠিক এই সংকটময় মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আলোচকদের পাকিস্তানে যাওয়ার নির্দেশ দিয়েছেন। তবে ওয়াশিংটনের এই উদ্যোগের বিপরীতে তেহরানের অনড় অবস্থান কূটনৈতিক অঙ্গনে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।

আলোচনার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত বর্তমান অবরোধ। এর মধ্যেই পরিস্থিতি আরও জটিল করে তুলেছে একটি নৌ-সংঘাতের ঘটনা। রবিবার (২০ এপ্রিল) একটি মার্কিন ডেস্ট্রয়ার এক ইরানি জাহাজকে আটক করে, যা পালানোর চেষ্টা করছিল বলে দাবি করা হয়েছে। এই ঘটনার পারিপ্রেক্ষিতে তেহরান তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে এবং পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ ওয়াশিংটনের বর্তমান নীতিকে ‘অযৌক্তিক ও অবাস্তব’ বলে অভিহিত করেছে। তারা সাফ জানিয়ে দিয়েছে যে, একদিকে অবরোধ বজায় রাখা এবং অন্যদিকে আলোচনার প্রস্তাব দেওয়া ওয়াশিংটনের এই দ্বিচারিতার কারণে ফলপ্রসূ কোনো আলোচনার সম্ভাবনা এই মুহূর্তে নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত