টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের চালক ও হেলপার নিহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টার দিকে টাঙ্গাইল–ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গোপালপুর উপজেলার মনতলা গ্রামের লাল মামুদের ছেলে বাসের সুপারভাইজার আতিকুল ইসলাম (৪০) এবং একই উপজেলার পাকুয়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে হেলপার মজন মিয়া (৪৩)।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান জানান, গোপালপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই বাসের চালক ও হেলপার নিহত হন। তিনি আরও জানান, দুর্ঘটনার পর উদ্ধার কাজে অংশ নিতে গিয়ে স্থানীয় যুবক বিদ্যুৎ মাথায় আঘাত পেয়ে আহত হন। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় যান চলাচল স্বাভাবিক করা হয়।
ওসি বলেন, ঘাটাইল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
