প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে আহত ব্যবসায়ীর মৃত্যু 

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০১:৪০ পিএম

চট্টগ্রামের পটিয়ায় জায়গা নিয়ে বিরোধের জেরে ব্যবসায়ী আবুল কাসেমকে কুপিয়ে গুরুতর জখম করার ছয়দিন পর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সোমবার (২০ এপ্রিল) ভোর ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। 

১৫ এপ্রিল সকাল ৯টার দিকে উপজেলার চিবাতলি গ্রামের ব্যবসায়ীকে এ হামলার ঘটনা ঘটে।

মৃত আবুল কাসেম (৫৫) পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কামাল বাজার এলাকার সুপারি ব্যবসায়ী এবং আয়ুব আলীর ছেলে।

পরিবার জানায়, চিবাতলি গ্রামের প্রতিবেশী ইকবাল হোসেন ও তার সহযোগীদের সঙ্গে আবুল কাসেমের দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। গত ১৫ এপ্রিল সকাল ৯টার দিকে নিজ জমিতে কাজ করতে গেলে ইকবালসহ কয়েকজন বাধা দেন। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালালে আবুল কাসেম ও তার ভাই আবুল কালাম গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে  আবুল কাসেম মারা যান। আহত আবুল কালামের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনায় ১৯ এপ্রিল পটিয়া থানায় ইকবালকে প্রধান আসামি করে একটি মামলা করা হয়।

নিহতের ছোট ভাই আবুল ফয়েজের অভিযোগ, পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে এবং অভিযুক্ত ইকবালের বিরুদ্ধে আগেও হত্যা মামলা রয়েছে।

এবিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, আগের দায়ের করা মামলা এখন হত্যা মামলায় রূপান্তর করা হবে। এছাড়া জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত