ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০১:২৭ পিএম

মুন্সীগঞ্জের শ্রীনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় এ ব্যক্তি নিহত হয়েছেন।তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে ও সোমবার ( ২০ এপ্রিল) দিবাগত রাতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

আহতরা হলেন আনিচুর রহমান (৪২), রবি মণ্ডল (৪৪), ধনঞ্জয় মণ্ডল (৪৭), অভি (২২) ও শফিক (৪০)।  তাদের সবার বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার হাজীগাঁও গ্রামে।

এবিষয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম ও শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, সোমবার রাত ৩টার দিকে শ্রীনগর ফেরিঘাট এলাকায় মাওয়ামুখী লেন দিয়ে এক পথচারী রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাসাড়া হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

এদিকে, মঙ্গলবার সকাল ৭টার দিকে একই এক্সপ্রেসওয়ের শ্রীনগর রেলওয়ে ওভারব্রিজ সংলগ্ন সার্ভিস রোডে সড়ক মেরামত কাজে নিয়োজিত শ্রমিক ও মালামাল বহনকারী একটি পিকআপের চাকা বিস্ফোরিত হয়ে গাড়িটি উল্টে যায়। এতে পিকআপে থাকা পাঁচ শ্রমিক আহত হন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত