নান্দাইলে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু 

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ পিএম

ময়মনসিংহের নান্দাইলে পুকুরের পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেউল ডাংরা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- দেউল ডাংরা গ্রামের সুমন মিয়ার আড়াই বছর বয়সী মেয়ে সাইফা আক্তার এবং তুহিন মিয়ার তিন বছর বয়সী মেয়ে সুরাইয়া আক্তার।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিকাল ৫টার দিকে দুই শিশু বাড়ির পাশে পুকুর পাড়ে খেলাধুলা করছিল। এর এক ফাঁকে পরিবারের সবার অজান্তেই তারা পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পুকুরের পানিতে দুই শিশুর মরদেহ ভেসে থাকতে দেখে তাদের উদ্ধার করা হয়।

পরে তাদের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মিলন মিয়া জানান, শিশু দুটি সম্পর্কে আপন চাচাতো বোন। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত